প্রতিশোধ নিল মোহামেডান
বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে আবাহনীর কাছে এক গোলে হেরেছিল মোহামেডান। দ্বিতীয় পর্বে চির প্রতিদ্বন্দ্বীদের ১-০ গোলে হারিয়ে সেই হারের প্রতিশোধ নিয়ে শিরোপা লড়াইয়ে ফিরেছে সাদা-কালো শিবির।
রোববার বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই জয়ের সুবাদে আবাহনীর সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়েছে মোহামেডান। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড। আর ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। শীর্ষে থাকা শেখ জামালের পয়েন্ট ৩১।
স্বাধীনতা কাপ চ্যাম্পিয়নদের রোববারের এই জয়ের নায়ক তরুণ ফরোয়ার্ড ওয়াহেদ আহমেদ। ৪২ মিনিটে জয়সূচক গোলটি করেন তিনি। পর্তুগিজ ফরোয়ার্ড হার্ডি পিন্তোর বাড়ানো বল থেকে এগিয়ে আসা গোলরক্ষক শহীদুল আলম সোহেলের মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন ওয়াহেদ।
যদিও গোলটির আগ পর্যন্ত অধিকাংশ সময় বল দখলে রেখেছিল আবাহনী। কয়েকটি সুযোগও তৈরি করেছিল তারা। বিশেষ করে দশম মিনিটে তো ফাঁকা পোস্টেই বল পেয়ে যান পর্তুগিজ ফরোয়ার্ড লিওনার্দো সুয়ারেস। কিন্তু তার হেডটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
১-০ গোলে পিছিয়ে পড়ার দুই মিনিট বাদে আরেকটি সুযোগ নষ্ট করে আবাহনী। ডিফেন্ডার আতিকুর রহমান মিশুর ক্রসে মরিসন মাথা ছোঁয়ালেই সমতায় ফিরতে পারত আবাহনী কিন্তু সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন ঘানার এই স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধেও শুরু থেকে ম্যাচে ফিরতে আরো বেশি মরিয়া হয়ে ওঠে আবাহনী। সহজ দুটি সুযোগও পেয়েছিল তারা কিন্তু নিজেদের ব্যর্থতা আর মোহামেডানের রক্ষণভাগের দৃঢ়তায় হারের জ্বালা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
