রোমার হোঁচটে চ্যাম্পিয়ন জুভেন্টাস
রোমার পরাজয়ে তিন ম্যাচ হাতে রেখেই ইতালির শীর্ষ লিগ সেরি আর শিরোপা নিশ্চিত হয়ে গেছে জুভেন্টাসের।
রোববার কাতানিয়ার মাঠে ৪-১ গোলে রোমা হেরে যাওয়ায় তিন ম্যাচ হাতে রেখে হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত হয়ে যায় ইতালির সবচেয়ে সফল দলটির।
ঘরোয়া লিগে জুভেন্টাসের এটা ৩০তম শিরোপা। ৩ ম্যাচ খেলা বাকি থাকতে জুভেন্টাসের পয়েন্ট ৯৩। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা রোমার পয়েন্ট ৮৫।
রোমার শিরোপা জয়ের ক্ষীন সম্ভাবনা কাতানিয়ার মাঠে প্রথমার্ধেই শেষ হয়ে যায়।
আর্জেন্টিনার মিডফিল্ডার মারিয়ানো হুলিওর নৈপুণ্যে শুরুতেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। ২৬ ও ৩৪ মিনিটে দুটি গোল করেন হুলিও।
তিন মিনিট বাদে ফরোয়ার্ড ফ্রান্সেসকো তত্তির গোলে ব্যবধান কমালেও দ্বিতীয়ার্ধে আর নিজেদের হার ঠেকাতে পারেনি রাজধানীর দলটি।
হুলিওর দুই স্বদেশীর গোলে বড় হার নিশ্চিত হয়ে যায় রোমার। শেষ হয়ে যায় তাদের শিরোপা স্বপ্নও। ৫৬ ও ৭৯ মিনিটে বাকি দুটি গোল করেন স্ট্রাইকার গনসালো রুবেন ও পাবলো সিজার।
