ব্রাজিলে স্টেডিয়ামে সংঘর্ষে সমর্থকের মৃত্যু
বিশ্বকাপের আগে ব্রাজিলে স্টেডিয়ামে সহিংসতায় প্রাণ হারিয়েছেন এক ফুটবলভক্ত।
গত শুক্রবার রেসিফে শহরের আরুবা স্টেডিয়ামে সান্তা ক্রজ ও প্যারোনার মাঝে দ্বিতীয় বিভাগের ম্যাচে সহিংসতার ঘটনাটি ঘটে।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়, ১-১ এ ড্র হওয়া ম্যাচের শেষে সংঘর্ষ এড়াতে আগেভাগেই মাঠ ছাড়ছিলেন অতিথি দল প্যারোনার সমর্থকেরা। কিন্তু তারই মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্বাগতিক দলের সমর্থকেরা স্টেডিয়ামের বাথরুম থেকে তিনটি কমোড তুলে এনে ছুড়ে মারে গ্যালারিতে। আর তারই একটির আঘাতে মৃত্যু হয় পাওলো রিকার্দো নামে এক সমর্থকের।
আগামী ১২ জুন ব্রাজিলের ১২টি শহরে শুরু হবে এবারের ফুটবল বিশ্বকাপ। রেসিফেও টুর্নামেন্টের অন্যতম আয়োজক শহর।
সাধারণ মানুষের আন্দোলন, স্টেডিয়াম-রাস্তাঘাট তৈরিসহ সব ধরণের প্রস্তুতিতে অব্যবস্থাপনা ও নিরাপত্তাসহ নানা জটিলতায় রীতিমত হুমকির মুখে রয়েছে কিছুদিন বাদে শুরু হতে যাওয়া ব্রাজিল বিশ্বকাপ।
সব মিলিয়ে রেসিফের এই দুর্ঘটনাটি বাড়তি শঙ্কা যোগ করছে ব্রাজিলের বিশ্বকাপ আয়োজনে।
