জয় দিয়েই চ্যাম্পিয়ন্স লিগে ওঠা উদযাপন আর্সেনালের
টানা ১৭ বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ওঠার আনন্দটাকে জয় দিয়ে উদযাপন করল আর্সেনাল। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে একমাত্র গোলে হারিয়েছে তারা।
আগের দিন পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থাকা এভারটন তাদেরই মাঠে ৩-২ গোলে ম্যানচেস্টার সিটির কাছে হেরে যাওয়ায় আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হয়ে যায়।
৩৭ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে আর্সেনালের চতুর্থ স্থান নিশ্চিত। এক ম্যাচ কম খেলে আপাতত শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮০। সিটির সমান ম্যাচ খেলা লিভারপুলের পয়েন্ট ৮০ কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে তারা।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের জয়ের নায়ক অলিভিয়ে জিরুদ। ১৪তম মিনিটেই দলকে এগিয়ে দেন তিনি। মিডফিল্ডার সান্তি কাজোরলার কর্নার কিকে ছয় গজ দূর থেকে হেড করে গোলটি করেন ফরাসি এই স্ট্রাইকার।
৭৬ মিনিটে ব্যবধান বাড়ানোর মো্টামুটি সহজ সুযোগ পেয়েছিল আর্সেনাল। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যান স্ট্রাইকার লুকাস পোডোলস্কি। কিন্তু তার শটটি গোলপোস্টে বাধা পায়।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এবারের আসরে ঘরের মাঠের শেষ ম্যাচটা জয়ের আনন্দেই শেষ করল 'গানার্স' নামে পরিচিত আর্সেনাল।
