২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগে জয়ের ধারা ধরে রেখেছে বায়ার্ন

রিয়াল মাদ্রিদের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার ধাক্কা সামলে ঘরোয়া লিগে জয়ের ধারা ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। শনিবার হামবুর্গের মাঠে ৪-১ গোলে জিতেছে ইতোমধ্যে লিগ শিরোপা নিশ্চিত করা বায়ার্ন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 11:17 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

প্রতিপক্ষের মাঠে বায়ার্নের এই জয়ের নায়ক মিডফিল্ডার মারিও গোটসে। জোড়া গোল করেছেন তিনি।

৩২ মিনিটেই দলকে এগিয়ে দেন গোটসে। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

তবে দ্বিতীয়ার্ধের ৫৫ ও ৬৯ মিনিটে যথাক্রমে স্ট্রাইকার টমাস মুলার ও গোটসে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করার পাশাপাশি জয়টাও নিশ্চিত করে ফেলেন।

৭২ মিনিটে তুরস্কের মিডফিল্ডার হাকান কালহানোগলু ব্যবধান কমালেও কোনো চমক দেখাতে পারেনি স্বাগতিক দল। উল্টো তিন মিনিট বাদেই ব্যবধান ৪-১ করে সহজ জয় নিশ্চিত করেন বায়ার্নের পেরুর স্ট্রাইকার ক্লদিও পিসারো।

৮৬ মিনিটে ডিফেন্ডার জেরোমে বোয়েটেং লাল কার্ড দেখলে বাকি সময়টুকু দশ জন নিয়েই খেলতে হয় বায়ার্নকে। তবে সেই সুবিধা নিতে পারেনি স্বাগতিকরা।

বুন্দেসলিগায় এদিন আরো জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড ও বায়ার লেভাকুজেন। বরুসিয়া ৩-২ গোলে হফেনহাইমকে ও লেভারকুজেন ২-০ গোলে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়েছে।

লিগে আর এক ম্যাচ করে বাকি থাকতে বায়ার্নের পয়েন্ট ৮৭, রেকর্ড ৭ ম্যাচ হাতে রেখে শিরোপা জিতেছে তারা। বরুসিয়া ও লেভারকুজেনের পয়েন্ট যথাক্রমে ৬৮ ও ৬১।