এবার সান্ডারল্যান্ডের শিকার ম্যান ইউ
অন্তবর্র্তীকালীন কোচ রায়ান গিগসের অধীনে প্রথম ম্যাচে ৪-০ গোলের দারুণ জয় পেলেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের কাছে ঘরের মাঠে ১-০ গোলে হেরে গেছে তারা।
লিগে নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডের এটা সপ্তম আর সব মিলিয়ে দ্বাদশ হার। এই হারের পরও ৩৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ধরে রেখেছে ইংল্যান্ডের সফলতম দলটি।
৩৬ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে লিভারপুল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা চেলসি ও ম্যানচেস্টার সিটির পয়েন্ট যথাক্রমে ৭৮ ও ৭৭। একটি ম্যাচ কম খেলেছে সিটি।
শনিবার ইউনাইটেডকে তাদেরই মাঠে হতাশায় ডুবানোর কৃতিত্ব সান্ডারল্যান্ডের মিডফিল্ডার সেবাশ্চিয়ান লারসনের। ৩০তম মিনিটে স্ট্রাইকার কনর উইকহ্যামের পাস থেকে জয়সূচক গোলটি করেন সুইডেনের লারসন।
বাকি সময়ে অনেক চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি মৌসুমের শুরু থেকেই একের পর এক হোঁচট খেতে থাকা ম্যান ইউ।
গত সপ্তাহে নরিচ সিটির বিপক্ষে ইউনাইটেডের বিশাল জয়ের পর অনেকেই গিগসকে পূর্ণ মেয়াদে প্রধান কোচ করার দাবি তোলে। তাই সপ্তাহ ঘুরতেই দলের এমন হাল নিশ্চয় বড় ধাক্কাই দিল গিগসের সম্ভাবনায়।
ম্যান সিটির কাছ থেকে পয়েন্ট কেড়ে নেয়ার পর চেলসি ও ম্যান ইউকে হারিয়ে অবনবন অঞ্চলের বাইরে আছে সান্ডারল্যান্ড। ৩৬ খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে রয়েছে দলটি।
