শেখ রাসেলের লক্ষ্য মূল পর্বে ওঠা
এএফসি প্রেসিডেন্টস কাপের গ্রুপ পর্বে অংশ নিতে রোববার ঢাকা ছাড়ছে গতবার ঘরোয়া ফুটবলে ‘ট্রেবল’ জয়ী শেখ রাসেল ক্রীড়া চক্র। দলটির লক্ষ্য মূল পর্বে খেলা।
শনিবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে শেখ রাসেলের কোচ ও অধিনায়ক এই আশাবাদের কথা জানিয়েছেন।
শেখ রাসেলের মন্টেনেগ্রোর কোচ দ্রাগান দুকানোভিচ এই দল নিয়ে মূল পর্বে খেলার ব্যাপারে আশাবাদী, “লিগের গত দুটি ম্যাচে শেখ রাসেল ভালো খেলতে পারেনি। তবে ঘরোয়া লিগ আর আন্তর্জাতিক আসর এক নয়। আমার বিশ্বাস প্রেসিডেন্টস কাপে এই দল নিয়ে ভালো কিছু করতে পারবো।”
৭ থেকে ১১ মে শ্রীলঙ্কার কলম্বোতে হবে প্রেসিডেন্টস কাপের ‘এ’ গ্রুপের খেলা । ৭ মে প্রথম ম্যাচে শেখ রাসেলের প্রতিপক্ষ পাকিস্তানের কেআরএল ফুটবল ক্লাব। ৯ মে দ্বিতীয় ম্যাচে তারা খেলবে স্বাগতিক শ্রীলঙ্কার বিমানবাহিনীর বিপক্ষে। আর ১১ মে তৃতীয় ম্যাচে শেখ রাসেল মুখোমুখি হবে ভুটানের ইয়ুগিয়েন অ্যাকাডেমির।
দলটির অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য্য প্রতিপক্ষ দলগুলোর চেয়ে নিজেদের এগিয়ে রেখেছেন।
“টুর্নামেন্টের অন্য ৩টি দলের মধ্যে ভুটানের ইয়ুগিয়েন ছাড়া বাকি দুটি দলের সঙ্গে আমাদের খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে এই দলটির সঙ্গে না খেললেও তাদের সম্পর্কে অনেক কিছুই জানি। সেই অভিজ্ঞতা থেকে বলতে চাই, তাদের চেয়ে অনেকটাই এগিয়ে আছি আমরা।”
দলটিকে শুভেচ্ছা জানাতে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও। তিনি বলেন, “টুর্নামেন্টে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। আমার চাওয়া দেশের ফুটবলের স্বার্থে তারা ভালো কিছু করে দেখাবে।”
অনুষ্ঠানে ছিলেন বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদিও। তার আশাবাদ, “শ্রীলঙ্কায় শেখ রাসেল দেশের মুখ উজ্জ্বল করবে।”
এবারের প্রেসিডেন্টস কাপে ১১টি দল তিনটি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। ‘বি’ গ্রুপের খেলা ফিলিপাইনে এবং ‘সি’ গ্রুপের দলগুলো খেলছে মঙ্গোলিয়ায়।
৩টি গ্রুপ থেকে ২টি করে দল মূল পর্বে উঠবে। ২২-২৮ সেপ্টেম্বর আসরের মূল পর্ব হবে। তবে মূল পর্বের ভেন্যু এখনও ঠিক হয়নি।
শেখ রাসেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের গতবারের চ্যাম্পিয়ন হিসেবেই এই টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পেয়েছে। এর আগে ঢাকা আবাহনী লিমিটেড তিনবার এই আসরে খেললেও একবারও মূল পর্বে উঠতে পারেনি। আর শেখ জামাল ধানমণ্ডি ক্লাব একবার সুযোগ পেলেও তারা খেলতে যায়নি।
