নয়ারের নতুন চুক্তি
বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির মেয়াদ ৩ বছর বাড়িয়েছেন গোলরক্ষক মানুয়েল নয়ার। নতুন চুক্তি অনুযায়ী, কমপক্ষে ২০১৯ সাল পর্যন্ত বায়ার্নেই থাকবেন জার্মানির এই গোলরক্ষক।
ক্লাবের বিশেষ সাধারণ সভায় নয়ারের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। শুক্রবার এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন ক্লাবের প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুমেনিগে।
"আমাদের গোলরক্ষক মানুয়েল নয়ার আজ (শুক্রবার) তার চুক্তির মেয়াদ ২০১৯ সাল পর্যন্ত বাড়িয়েছেন।"
শালকে জিরো ফোর থেকে ২০১১ সালে বায়ার্নে নাম লেখান নয়ার। জার্মানির সবচেয়ে সফল ক্লাবে কিছুদিন কাটানোর পরই তিনি ঘোষণা দেন, ক্যারিয়ারটা এখানেই শেষ করবেন।
২০১০ সাল থেকে জাতীয় দলে নিয়মিত এই গোলরক্ষক চুক্তির মেয়াদ বাড়িয়ে তার দেয়া কথাকে সম্মান জানিয়েছেন বলেই মনে করেন রুমেনিগে।
