২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্প্রিন্টার গে নিষিদ্ধ

ডোপ পরীক্ষায় ধরা পড়া ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের সাবেক চ্যাম্পিয়ন টাইসন গে ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 05:16 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

শুক্রবার যুক্তরাষ্ট্রের ডোপিং বিরোধী এজেন্সি (ইউএসএডিএ) জানিয়েছে, ৩১ বছর বয়সী এই স্প্রিন্টার ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপের যুক্তরাষ্ট্রের ট্রায়ালে।

যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার লন্ডন অলিম্পিকে জেতা ৪x১০০ মিটার রিলেতে জেতা রূপার পদক ফেরত দিয়েছেন। গের প্রথম ডোপিং করার তারিখ ২০১২ সালের ১৫ জুলাই। এই দিন থেকে তার সব ফল বাতিল বলে ধরা হবে।

গের নিষেধাজ্ঞা কার্যকর ধরা হয়েছে ২০১৩ সালের ২৩ জুন থেকে। এই দিনে তিনি ডোপ টেস্টে পজিটিভ হন।

এর মানে, ১০০ মিটার স্প্রিন্টে জ্যামাইকার ইয়োহান ব্লেকের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম মানব আগামী মাসেই ট্র্যাকে ফিরতে পারবেন। পরবর্তী অলিম্পিক আর বিশ্ব চ্যাম্পিয়নেও দৌড়াতে পারবেন গে।

২০০৭-এ ওসাকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে সোনাজয়ী গের নিষেধাজ্ঞা ২ বছরের জন্যও হতে পারত। তবে তিনি ইউএসএডিএকে যথেষ্ট সাহায্য করেছেন বলে নিষেধাজ্ঞা কমিয়ে ১ বছর করে দেয়া হয়েছে।