২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা প্রত্যাহারের দাবি জানালেন ক্রীড়াবিদরা

সাবেক ক্রীড়াবিদদের বিরুদ্ধে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মাঠ নিয়ে আন্দোলনকারীরা। তাদের হয়রানি ও নাজেহাল করার অপচেষ্টা বন্ধ করারও আহবান জানান ধানমণ্ডি মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়ার আন্দোলনে যুক্ত সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 11:29 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

রাষ্ট্র যাদের সম্মান দিয়েছে এবং মর্যাদার আসনে বসিয়েছে, তাদের শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়রানি ও নাজেহাল করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু।

শুক্রবার ধানমণ্ডিতে এক সংবাদ সম্মেলনে জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া বাবলু বলেন, ‘‘রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া ক্রীড়াবিদ কামরুন নাহার ডানাসহ আরো গুনী ব্যক্তিদের নামে শেখ জামাল কর্মকর্তাদের দায়ের করা মিথ্যা মামলা অচিরেই প্রত্যাহার করা হোক। রাষ্ট্র যাদের সম্মান দিয়েছে, মর্যাদার আসনে বসিয়েছে তাদের সম্মান হানি করা উচিত হবে না।”

জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া আরেক ফুটবলার গোলাম সারওয়ার টিপু এ দেশের ভবিষ্যত ক্রীড়াবিদদের নিয়েই শঙ্কিত, “যেভাবে একের পর এক মাঠ দখল করে নেয়া হচ্ছে, তাতে এক সময় আমাদের শিশুদেরকে দৌড় শেখাতে হবে। কেননা, দৌড়ানোর মতো জায়গাও এক সময় আর থাকবে না।”

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর কথা, “পরিবেশবাদী ও সাধারণ জনগনের দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে দেরিতে হলেও সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে। অথচ এই মাঠে প্রবেশের দায়ে কামরুন নাহার ডানাসহ আরো তিনজন গুনী ব্যক্তির নামে শেখ জামাল কর্মকর্তারা মিথ্যা মামলা দায়ের করেছেন।”

শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মামলাটিকে ভিত্তিহীন বলার কারণ উল্লেখ করে লিপু জানান, সেদিন কামরুন নাহার ডানা অসুস্থতাজনিত কারনে মাঠে যাননি, অথচ চারজনের মধ্যে মামলায় তার নামও আছে।

লিপু আরো বলেন, “ধানমণ্ডি মাঠে প্রবেশ করে কেউ কোনো অন্যায় করেনি। তাই মাঠে প্রবেশের দায়ে যে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা করা হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।”

সাবেক জাতীয় ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি বলেন, “ধানমণ্ডি মাঠ নিয়ে যে মামলাটি প্রশাসন গ্রহন করেছে, তা অত্যন্ত দু:খজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবশ্যই উচিত ছিল, জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া ক্রীড়াবিদদের নামে এ ধরণের একটি ভিত্তিহীন মামলা গ্রহনের আগে তার সত্যতা যাচাই করা। একজন ক্রীড়াবিদকে রাষ্ট্রীয় পুরস্কারের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়।”

ধানমণ্ডি আট নম্বর মাঠ হিসেবে পরিচিত স্থানটি শেখ জামালের নাম ব্যবহার করে কিছু ক্রীড়া সংগঠক ‘দখলের পাঁয়তারা’ করছেন বলে অনেক দিন ধরেই দাবি পরিবেশবাদীদের। এলাকাবাসীর জন্য মাঠটি উন্মুক্ত করে দেয়ারও দাবি জানিয়ে আসছিলেন তারা।

অন্যদিকে মাঠে অবকাঠামো নির্মাণের কাজ চালানো শেখ জামালের কর্মকর্তারা বলে আসছেন, এই মাঠ ‘অভিজাতদের’, সাধারণদের এখানে আসতে হবে কেন?

শেখ জামালের পক্ষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এবং বিসিবি সভাপতি নাজমুল হাসানও অবস্থান নেন। অন্যদিকে গাজী আশরাফ হোসেন লিপু, কামরুননাহার ডানাসহ বেশ কয়েকজন ক্রীড়া সংগঠক মাঠটি উন্মুক্ত করার পক্ষে অবস্থান নেন।

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব এই মাঠে বাস্কেটবল, ব্যাডমিন্টন ও টেনিস কোর্ট তৈরির কাজ শুরু করলে তা বন্ধ করতে হাই কোর্টে যায় পরিবেশবাদীরা।

এর পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ১৫ মার্চ হাই কোর্ট এক রায়ে এই মাঠের অবৈধ স্থাপনা সরিয়ে ১৫ দিনের মধ্যে তা সবার জন্য উন্মুক্ত করে দিতে বলে।

কিন্তু আদালতের রায় শেখ জামাল কর্মকর্তারা মানছেন না দাবি করে গত বছর পুনরায় হাই কোর্টে নালিশ নিয়ে যায় পরিবেশবাদীরা। এর পরিপ্রেক্ষিতে একটি নোটিসও জারি হয়।

এর মধ্যে মাঠটি উন্মুক্ত করার দাবিতে এই মাসে পরিবেশবাদী সংগঠনগুলো মাঠে ঢুকে কর্মসূচি পালন করে।

শেখ জামাল কর্মকর্তারা ক্লাব তথা মাঠের ফটকে নিরাপত্তা প্রহরী বসিয়ে রেখেছিল, যেন কেউ সেখানে ঢুকতে না পারে।

‘জোর করে’ মাঠে ঢোকার অভিযোগ এনে শেখ জামাল ক্লাব কর্তৃপক্ষ স্থপতি মোবাশ্বের হোসেন, ক্রীড়া সংগঠক কামরুননাহার ডানাসহ চারজনকে আসামি করে মামলা করে।

তবে ২৪ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঝোলানো নোটিসে মাঠটি সবার জন্য উন্মুক্ত বলে জানানো হয়। মাঠের কয়েকটি স্থানে ঝোলানো হয় এই নোটিস।