২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ে ফিরেছে শেখ জামাল

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে এক ম্যাচ পর জয়ে ফিরেছে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 10:00 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

শেখ জামালের এটি নবম জয়। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩১। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মুক্তিযোদ্ধা।

আগের ম্যাচে ফেনী সকারের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল শেখ জামাল।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল দুটি গোলই পেয়েছে দ্বিতীয়ার্ধে। গোল দুটি করেন ওয়েডসন অ্যানসেলমে ও এমেকা ডার্লিংটন।

২৮তম মিনিটেই এগিয়ে যেতে পারতো শেখ জামাল। তবে হাইতির ফরোয়ার্ড সনি নর্দের চমৎকার একটি ফ্রি-কিক বিপদমুক্ত করেন মুক্তিযোদ্ধার এক ডিফেন্ডার।

নর্দের স্বদেশী ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমের গোলে দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। মিডফিল্ডার আলমগীর কবির রানার ক্রসে আড়াআড়ি হেডে লক্ষ্যভেদ করেন তিনি।

৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন এমেকা ডার্লিংটন। অ্যানসেলমের অসাধারণ ক্রসে বিনা বাধায় লাফিয়ে উঠে হেড করে বল জালে জড়ান নাইজেরীয় স্ট্রাইকার ডার্লিংটন। ১৩ ম্যাচে ১২ গোল করে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা ডার্লিংটন। ১১ গোল করে তারপরেই আছেন অ্যানসেলমে।

বাকি সময়ে দলকে ম্যাচে ফেরানোর দারুণ দুটি সুযোগ পেয়েছিলেন মুক্তিযোদ্ধার মিডফিল্ডার মারুফ। কিন্তু দুইবারই ব্যর্থ তিনি। প্রথমবার তার অসাধারণ ফ্রি-কিকটি ঠেকিয়ে দেন জামাল গোলরক্ষক জিয়াউর রহমান। আর ইনজুরি সময়ে তার ফ্রি-কিক ক্রসবারে লেগে বাইরে চলে যায়।