সাবেক সতীর্থদের ভোটও পাচ্ছেন গিগস
সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসনের মতো সাবেক খেলোয়াড়দের অনেকেই রায়ান গিগসকে ম্যানচেস্টার ইউনাইটেডের পূর্ণ মেয়াদে প্রধান কোচ হিসেবে দেখতে চান।
টানা ব্যর্থতার দায়ে ২২ এপ্রিল ডেভিড ময়েসকে বরখাস্ত করে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে গিগসকে নিয়োগ দেয় ইউনাইটেড কর্তৃপক্ষ। তার আগে থেকেই ময়েসের সহকারীর দায়িত্ব পালন করছিলেন ওয়েলসের অভিজ্ঞ এই খেলোয়াড়।
ধুঁকতে থাকা ইউনাইটেডকে দায়িত্ব পাওয়ার পর প্রথম ম্যাচেই দারুণ এক জয় এনে দিয়েছে গিগস। এই বিষয়টি উল্লেখ করেই তার সাবেক সতীর্থ স্ট্রাইকার লুইস সাহা বলেন, “নিশ্চিতভাবেই এই দায়িত্ব সে পালন করতে পারবে।”
গত শনিবার গিগসকে পূর্ণ মেয়াদে প্রধান কোচের দায়িত্ব দেয়ার পক্ষে ভোট দেন ইউনাইটেডের সবচেয়ে সফল কোচ ফার্গুসন। তার মতে, প্রধান কোচ হিসেবে পাকাপাকিভাবে ইউনাইটেডের দায়িত্ব নেয়ার যোগ্যতা আছে ৪০ বছর বয়সী গিগসের। সেদিনই গিগসের অধীনে ঘরের মাঠে নরিচ সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ইউনাইটেড।
প্রধান কোচের ভূমিকায় অভিষেকেই এমন সাফল্যের উদাহরণ টেনে ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিলের মত, তার অধীনে আরো কয়েকটা ম্যাচ দেখা দরকার। তাহলেই বোঝা যাবে এই দায়িত্বে গিগস কতটা মানিয়ে নিতে পেরেছে। পরবর্তীতে তাকে পূর্ণ মেয়াদে কোচের দায়িত্ব দেয়া যাবে কিনা সেটাও বুঝতে পারা যাবে।
তবে ময়েসের বিদায়ের পর থেকেই ইউনাইটেডের ‘নতুন কোচ কে হবে’ তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এর মধ্যে সবার আগে নাম ছিল ডাচ কোচ লুইস ফন গালের। বর্তমানে নেদারল্যান্ডসের জাতীয় দলের দায়িত্বে আছেন তিনি। নেদারল্যান্ডসের একটি পত্রিকা তো জানিয়েই দেয়, লুইস ফন গালই হতে যাচ্ছেন ইউনাইটেডের পরবর্তী কোচ।
তবে ডাচ পত্রিকার খবরটিকে তখন গুজব বলে উড়িয়ে দিয়েছিল ইউনাইটেড কর্তৃপক্ষ। অবশ্য তাতেও গুজবটা চাপা পড়েনি। সম্প্রতি ডাচ গণমাধ্যম আরো জানিয়েছে, সাবেক ডাচ স্ট্রাইকার প্যাট্রিক ক্লুইভার্টসহ পুরো কোচিং স্টাফকেই ‘ওল্ড ট্রাফোর্ডে’ নিয়ে আসতে চান ফন গাল। ডাচ গণমাধ্যমের খবর সত্য হলে গিগসের ইউনাইটেডের প্রধান কোচ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
তাছাড়া এতবড় দায়িত্বে গিগসের অনভিজ্ঞতা উল্টো প্রভাব ফেলবে কি না, তা নিয়েও আছে কিছু শঙ্কা। সেই প্রসঙ্গে নেভিল বলেন, “গিগসের অনভিজ্ঞতা নিয়ে অনেকের মনেই একটা ধারণা কাজ করছে। তবে বাস্তবতা হচ্ছে, সে ক্লাবটাকে চেনে। একইভাবে ফন গালের অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু প্রিমিয়ার লিগ সম্পর্কে কোনো ধারণা নেই তার।”
