'এক মিনিটে' হেরে গেছে চেলসি
আতলেতিকো মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকেই বিদায় নিতে হলো চেলসিকে। পুরো ম্যাচে একটা মিনিটই চেলসির তৃতীয় ফাইনালের স্বপ্ন ভেঙে দিয়েছে বলে মনে করেন কোচ জোসে মরিনিয়ো।
আতলেতিকোর মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফেরা চেলসি নিজেদের মাঠে ভালো কিছুর প্রত্যাশা করেছিল। কিন্তু ফার্নান্দো তোরেসের গোলে এগিয়ে যাওয়ার পরও ফিরতি লেগে ৩-১ ব্যবধানে হারতে হলো তাদের।
স্ট্যামফোর্ড ব্রিজে এই হারের পর চেলসি কোচ মরিনিয়োর বিশ্লেষণে বেরিয়ে এসেছে ৫৯তম মিনিটের দুটি ঘটনাই এই ম্যাচের নিয়তি নির্ধারণ করে দিয়েছে।
"পার্থক্যটা ছিল দ্বিতীয়ার্ধে একটি মিনিটের।"
মরিনিয়োর খুঁজে বের করা এই একটা মিনিট ম্যাচের ৫৯তম। ১-১-এ সমতায় থাকা চেলসি দারুণ একটি আক্রমণ করেছিল। যার শেষ হয়েছিল অধিনায়ক জন টেরির দুর্দান্ত এক হেডে। অসাধারণ দক্ষতায় টেরির সেই হেড ফিরিয়ে দেন আতলেতিকা গোলরক্ষক করতোয়া।
ওই বল থেকে ৫৯তম মিনিটেই অসাধারণ এক প্রতি আক্রমণ করে আতলেতিকো। চেলসির পেনাল্টি বক্সের মধ্যে বল পেয়ে যান দিয়েগো কস্তা। তাকে ঠেকাতে ফাউল করতে হয় বদলি খেলোয়াড় স্যামুয়েল এতোর। পেনাল্টি থেকে গোল করে আতলেতিকোকে এগিয়ে দেন কস্তা।
৫৯তম মিনিটের দুটি ঘটনা নিয়ে ম্যাচ শেষে চেলসি কোচ বলেন, "গোলরক্ষক অসাধারণভাবে গোল বাঁচিয়ে দিল এবং এর পর ওরা পেনাল্টি পেল। চেলসির পক্ষে ব্যবধান ২-১ না হয়ে হলো আতলেতিকোর পক্ষে।"
চেলসি আর আতলেতিকোর মধ্যে আরো একটা পার্থক্য খুঁজে পেয়েছেন মরিনিয়ো। আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে গত ৩ বছরে দলটিকে বেশ ভালো করে গুছিয়ে নিয়েছেন। আর তিনি নিজে চেলসিকে গোছানোর জন্য হাতে সময় পাননি বলে উল্লেখ করেছেন মরিনিয়ো।
"এক বছর আর তিন বছরের একটা পার্থক্য আছে এবং এটা অনেক বড় পার্থক্য...ওরা খুব ভালো দল। দলটি তাদের কোচের ধারণার সঙ্গে মানিয়ে নিয়েছে।"
২০০৭ সালে লন্ডন ছাড়ার পর মরিনিয়ো আবার নতুন করে চেলসির দায়িত্ব নিয়েছেন প্রায় এক বছর হলো। এই সময়ের মধ্যে দলকে ঠিকভাবে গোছাতে পারেননি বলেই চাপের সময়ে চেলসি এমন খাপছাড়া ফুটবল খেলেছে বলে মনে করেন মরিনিয়ো।
