চেলসিকে বিধ্বস্ত করে ফাইনালে আতলেতিকো
ইতিহাস, পরিসংখ্যান সব পক্ষে ছিল তবুও পারল না চেলসি। জোসে মরিনিয়োর দলটিকে বিদায় করে ৪০ বছর পর ইউরোপের সেরা ক্লাবের প্রতিযোগিতার ফাইনালে উঠেছে আতলেতিকো মাদ্রিদ।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়েছে দিয়েগো সিমেওনের আতলেতিকো। প্রথম লেগের খেলা শেষ হয়েছিল গোলশূন্য সমতায়।
লিসবনে ২৪ মের ফাইনালে আতলেতিকোর প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। প্রতিযোগিতার ৫৮ বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে ‘ডার্বি’দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব।
বুধবার রাতে মাত্র পঞ্চম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল আতলেতিকোর সামনে। কোকের শট ক্রসবারে লেগে ফিরলে হতাশ হতে হয় অতিথিদের।
২৩তম মিনিটে দাভিদ লুইসের সৌজন্যে দারুণ একটা সুযোগ পেয়েছিল চেলসি। কিন্তু তার সেই প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
৩৬তম মিনিটে সুযোগ সন্ধানী ফার্নান্দো তোরেসের সৌজন্যে এগিয়ে যায় চেলসি। আজপিলিকুয়েতার ক্রস থেকে তোরেসের শট সুয়ারেসের পা লেগে জালে জড়ালে উল্লাসে মেতে উঠে স্ট্যামফোর্ড ব্রিজ। তবে নিজের প্রথম ক্লাবের জালে বল জড়িয়ে উদযাপন করেননি স্পেনের এই স্ট্রাইকার।
ভক্তদের সেই উল্লাস অবশ্য বেশিক্ষণ থাকে নি। বিরতিতে যাওয়ার এক মিনিট আগে আদ্রিয়ানোর সৌজন্যে সমতা ফেরায় অতিথিরা। হুয়ানফ্রানের ক্রস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। এই গোলে স্বাগতিক দলের রক্ষণভাগের দায় কম নয়।
বিরতির পর ৪৯তম মিনিটে আতলেতিকো ও ৫৪তম মিনিটে চেলসির একটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় দুই দলের গোলরক্ষকদের দৃঢ়তায়।
৫৯তম মিনিটে দিয়েগো কস্তাকে অবৈধভাবে বাধা দেয়ায় এতোর বিরুদ্ধে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কস্তার সফল পেনাল্টিতে এগিয়ে যায় আতলেতিকো।
তৃতীয়বারের মতো ফাইনালে পৌঁছানোর আশা বাঁচিয়ে রাখতে তখন অন্তত দুই গোল প্রয়োজন ছিল চেলসির। স্বাভাবিকভাবেই আক্রমণাত্মক ফুটবল খেলে সুযোগ তৈরির চেষ্টা করছিল তারা। উইলিয়ানের ফ্রি-কিক থেকে লুইসের প্রচেষ্টা বারে না লাগলে ৬৫ মিনিটে সমতায় ফিরতে পারতো দলটি।
বেশি আক্রমণাত্মক খেলতে গিয়ে নিজেদের রক্ষণের দিকে খুব একটা মনোযোগ দেয়নি চেলসি। ফলে মাসুল দিতেও দেরি হয়নি। ৭২তম মিনিটে হুয়ানফ্রানের পাস থেকে দলের ফাইনাল নিশ্চিত করে ফেলেন তুরান।
চলতি মৌসুমটি দুর্দান্ত কাটছে আতলেতিকোর। ১৯৯৫ সালের পর প্রথম লা লিগা শিরোপা জয়ের খুব কাছে দাঁড়িয়ে দলটি। শেষ তিন ম্যাচের দুটিতে জিতলেই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল রিয়াল ও শিরোপাধারী বার্সেলোনোকে পেছেনে ফেলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে দিয়েগো সিমেওনের দলটির।
১৯৭৪ সালে শেষবার ইউরোপের সেরা ক্লাবের প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল আতলেতিকো। সেবার বায়ার্ন মিউনিখের কাছে হেরে গিয়েছিল দলটি। এবার দলীয় চেতনার উদাহরণ গড়ে এগিয়ে যাওয়া দলটি ফাইনালে উঠেছে কোনো ম্যাচ না হেরেই।
