লিগে অনুজ্জ্বল শেখ রাসেলের প্রেসিডেন্টস কাপ যাত্রা
গতবারের ‘ট্রেবল’ জয়ী শেখ রাসেল ক্রীড়া চক্র এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে একেবারেই অনুজ্জ্বল। লিগের মাঝামাঝিতে কোচ বদলেও খুব একটা সুফল পায়নি দলটি।
এএফসি প্রেসিডেন্টস কাপের বাছাই পর্বে কেমন করবে তারা? সমর্থকদের মনে এই প্রশ্ন রেখেই শ্রীলঙ্কার কলম্বোতে শুরু হতে যাওয়া প্রতিযোগিতায় অংশ নিতে ৪ মে ঢাকা ছাড়বে দলটি। যদিও সেখানে ভালো করতে দৃঢ় প্রত্যয়ী শেখ রাসেলের কোচ ও খেলোয়াড়রা।
আগামী বুধবার পাকিস্তানের কেআরএল ফুটবল ক্লাবের বিপক্ষে প্রেসিডেন্টস কাপে প্রথম ম্যাচ খেলবে শেখ রাসেল। ৯ মে দ্বিতীয় ম্যাচে তারা লড়বে শ্রীলঙ্কার বিমান বাহিনীর সঙ্গে। আর ১১ মে তৃতীয় ম্যাচে শেখ রাসেলের প্রতিপক্ষ ভুটানের ইউগেন অ্যাকাডেমি।
লিগে দ্রাগান দুকানোভিচের অধীনে রাসেল ভালো না খেললেও প্রেসিডেন্টস কাপে ভালো করার ব্যাপারে আশাবাদী মন্টেনেগ্রোর এই কোচ। তিনি বলেন, “লিগের গত দুটি ম্যাচে আমার দল খুব একটা ভালো খেলেনি তা সত্য। আমার বিশ্বাস ছেলেরা প্রেসিডেন্টস কাপে খারাপ করবে না। তারা যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে এই আসরে ভালো করা সম্ভব।”
“আমি ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের সঙ্গে কথাও বলেছি। আমি চেষ্টা করছি তাদের উজ্জীবিত করতে। প্রেসিডেন্টস কাপে তারা যদি ভালো করতে পারে তাহলে লিগে কিছুটা হলেও এর প্রভাব পড়বে।”
