মেসি আর আলতাফিনিকে ছাড়িয়ে রোনালদো
চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটিতে এতদিন ছিল যৌথ মালিকানা। জোসে আলতাফিনি আর লিওনেল মেসিকে ছাড়িয়ে সেই রেকর্ডটি এখন ক্রিস্টিয়ানো রোনালদোর একার।
আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমি-ফাইনালের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের ৪-০ গোলের জয়ে জোড়া গোল করেন রোনালদো।
৩৪ মিনিটে তার প্রথম গোলটিই চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড বইয়ের একটি পাতা থেকে সরিয়ে দিয়েছে এসি মিলান ও ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড আলতাফিনি এবং বার্সেলোনার তারকা লিওনেল মেসিকে।
করিম বেনজেমা ও গ্যারেথ বেলকে নিয়ে দুর্দান্ত এক প্রতি আক্রমণ থেকে প্রথম গোলটি করেই এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটির একক মালিক হন তিনি।
৫১ বছর আগে ইউরোপের সবচেয়ে অভিজাত প্রতিযোগিতায় এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন আলতাফিনি। ১৯৬২-৬৩ মৌসুমে ১৪ গোল করেছিলেন তিনি। আর্জেন্টিনার 'ছোট্ট জাদুকর' মেসি এই রেকর্ড স্পর্শ করেন ২০১১-১২ মৌসুমে।
১৪ গোল করে মেসি আর আলতাফিনির সঙ্গে রেকর্ডের ভাগিদার হয়ে সেমি-ফাইনালে আসেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রোনালদো।
রোনালদো দ্বিতীয় গোলটি করেন বুদ্ধিদীপ্ত এক ফ্রি-কিকে। বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিকটি তিনি নিয়েছিলেন দেয়াল করে দাঁড়ানো বায়ার্নের খেলোয়াড়দের লাফিয়ে ওঠা পায়ের নিচ দিয়ে।
গ্রুপ পর্বে রোনালদোর অসাধারণ ফুটবলই তাকে এই রেকর্ড গড়ার ভিত্তি গড়ে দিয়েছে। গ্যালাতাসারাইয়ের বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করেন রোনালদো। এর পরের দুটি ম্যাচে কোপেনহাগেন ও জুভেন্টাসের বিপক্ষে করেন জোড়া গোল। আরো ২টি গোল নিয়ে রোনালদো গ্রুপ পর্ব শেষ করেন ৯ গোল নিয়ে।
গ্রুপ পর্বে ৯ গোল করে আরেকটি রেকর্ড ভাঙেন রোনালদো। এর আগে গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছিল ৮টি। ২০০২-০৩ মৌসুমে এসি মিলানের ফিলিপ্প ইনজাগি ও হার্নান ক্রেসপো যৌথভাবে এই রেকর্ড গড়েছিলেন। ২০০৪-০৫ মৌসুমে তাতে ভাগ বসিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ স্ট্রাইকার রুদ ফন নিস্টলরয়। এ মৌসুমে পিএসজির জ্লাতান ইব্রাহিমোভিচও ছুঁয়েছিলেন ৮ গোলের রেকর্ডটি।
ফ্রি-কিক নিচ্ছেন রোনালদো, এই কিক থেকে বায়ার্নের বিপক্ষে চতুর্থ গোল পেয়েছে রিয়াল মাদ্রিদ। ছবি: রয়টার্স
বায়ার্নের বিপক্ষে নিজের দ্বিতীয় গোল উদযাপন করছেন রোনালদো। ছবি: রয়টার্স
