২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুর প্রতিশোধ নিয়ে ফাইনালে রিয়াল

বায়ার্ন মিউনিখকে উড়িয়ে দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছে প্রতিযোগিতার সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার সেমি-ফাইনালের ফিরতি লেগে শিরোপাধারীদের ৪-০ গোলে হারিয়েছে ৯ বারের চ্যাম্পিয়ন রিয়াল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 02:46 AM

Updated : 22 Aug 2022, 06:11 PM

প্রথম লেগে সান্তিয়াগো বার্নাবেউয়ে ১-০ গোলে জিতেছিল কার্লো আনচেলত্তির দলটি। তাই সব মিলিয়ে ৫-০ গোলের অগ্রগামিতা নিয়ে এক যুগ পর ফাইনালে উঠেছে রিয়াল।

রিয়ালের নবম শিরোপাটি এসেছিল ২০০২ সালে। এরপর থেকে ইউরোপের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতার ফাইনালে উঠতে পারেনি দলটি। শেষ তিন মৌসুমে স্পেনের সবচেয়ে সফল দলটিকে ফিরতে হয়েছে সেমি-ফাইনাল থেকে।

গতবার জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল রিয়াল। এবার কোয়ার্টার-ফাইনালে ডর্টমুন্ডকে বিদায় করে প্রথম প্রতিশোধটি নিয়েছে তারা।

২০১১-১২ মৌসুমে জার্মানির সবচেয়ে সফল ক্লাব বায়ার্নের কাছে হেরে হতাশায় পুড়েছিল রিয়াল। দ্বিতীয় প্রতিশোধটি নিয়ে দশম শিরোপার দিকে আরেক ধাপ এগিয়েছে দলটি।

প্রতিপক্ষের মাঠে হেরে এলেও আলিয়াঞ্জ অ্যারেনায় রিয়ালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালের স্বপ্ন দেখছিল বায়ার্ন। শেষ চার আসরের তিনটিরই ফাইনালে খেলা দলটির স্বপ্ন ভঙ্গে সবচেয়ে বড় অবদান রিয়ালের সেন্টার ব্যাক স্যার্হিও রামোস ও ক্রিস্টিয়ানো রোনালদোর। দুজনেই করেছেন জোড়া গোল।

লুকা মদ্রিচের কর্নার থেকে রামোসের হেড জালে জড়ালে ১৬তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। প্রথম লেগে এক গোলে পিছিয়ে থাকায় ফাইনালে পৌঁছাতে এ সময় অন্তত তিন গোলের প্রয়োজন ছিল পেপ গার্দিওলার দলটির।

এই ধাক্কা সামলে উঠার আগেই আবার গোল। পুরো গ্যালারি স্তব্ধ করে ব্যবধান দ্বিগুণ করেন রামোস। আনহেল ডি মারিয়ার ফ্রি-কিক থেকে ২০তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি।

এরপরই এক মৌসুমে সর্বোচ্চ ১৫ গোলের রেকর্ড গড়ে ব্যবধান ৩-০ করেন রোনালদো। ৩৪তম মিনিটে গ্যারেথ বেলের পাস থেকে করা রোনালদোর এই গোলের পর ফাইনালে ওঠার কাজটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় বায়ার্নের।

ফাইনালে পৌঁছাতে শেষ ৫৬ মিনিটে পাঁচটি গোল করতে হতো বায়ার্ন মিউনিখকে। প্রায় অসম্ভব সেই লক্ষ্যের দিকে ছুটলেও সাফল্য পায়নি দলটি। বরং প্রতি আক্রমণ থেকে মাঝে মধ্যেই ব্যবধান আরো বাড়ানোর সুযোগ পেয়ে যাচ্ছিল রিয়াল।

সেগুলো কাজে লাগাতে না পারলেও ৯০তম মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে দলকে চতুর্থ গোলটি এনে দেন রোনালদো।

এতদিন ইউরোপের সবচেয়ে অভিজাত প্রতিযোগিতায় এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডের অংশীদার ছিলেন দুজন। ১৯৬২-৬৩ মৌসুমে এসি মিলানের জোসে আলতাফিনির করা ১৪ গোলের রেকর্ডে ২০১১-১২ মৌসুমে ভাগ বসিয়েছিলেন বার্সেলোনার লিওনেল মেসি। এবার সেমি-ফাইনালে আসার আগে রোনালদোও ১৪ গোল করে নাম লিখিয়েছিলেন তাদের পাশে।

ফলে প্রথম গোলটি করেই রেকর্ডটি নতুন করে লিখিয়েছেন রোনালদো। দ্বিতীয় গোলে সেটিকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন পর্তুগালের তারকা।