চেলসির বাধা আতলেতিকোর দলীয় চেতনা
তৃতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে হলে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জিততেই হবে চেলসিকে। অন্যদিকে, ১-১ গোলে ড্র করলেই দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠবে আতলেতিকো। নিজেদের মাঠে খেলা তাই চেলসিকেই এগিয়ে রাখছেন কোচ জোসে মরিনিয়ো।
বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে হবে সেমি-ফাইনালের ফিরতি লেগটি। গত সপ্তাহে আতলেতিকোর মাঠে প্রথম লেগটি গোলশূন্য ড্র হয়েছিল।
স্ট্যামফোর্ড ব্রিজ চেলসির জন্য বরাবরই বড় এক শক্তির জায়গা। তবে নিজেদের এগিয়ে রাখার পেছনে চেলসির বাড়তি অভিজ্ঞতাকেও অন্যতম কারণ মানছেন মরিনিয়ো।
গত ১০ মৌসুমে ছয়বার ইউরোপ সেরার এই প্রতিযোগিতার সেমি-ফাইনাল খেলেছে চেলসি। অন্যদিকে, চার দশক পর এবারই প্রথম শেষ চারে খেলছে দিয়েগো সিমেওনের আতলেতিকো।
পরিসংখ্যানের এই হিসেবে চেলসির জন্য একটা হতাশাও লুকিয়ে আছে। ওই ছয়বারের মধ্যে মাত্র দুইবার ফাইনালে পৌঁছাতে পেরেছে তারা। তাই আতলেতিকোর বিপক্ষে লড়াইয়ে নামার আগে শেষ চারের গেরো কাটানোর আত্মবিশ্বাসও যোগাতে হবে সাবেক চ্যাম্পিয়নদের।
চেলসির লক্ষ্য পূরণে সবচেয়ে বড় বাধা হতে পারে এ মৌসুমে আতলেতিকোর চমক জাগানো পারফরম্যান্স। দুর্দান্ত দলীয় চেতনার উদাহরণ তৈরি করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পৌঁছানো দলগুলোর মধ্যে স্পেনের এই দলটিই এখন পর্যন্ত অপরাজিত।
১৯৭৩-৭৪ মৌসুমে ইউরোপ সেরার মঞ্চে ফাইনাল খেলেছিল লা লিগার শীর্ষে থাকা দলটি।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ইংল্যান্ডের পরাশক্তি চেলসিকে ভাবিয়ে তুলেছে চোট আর নিষেধাজ্ঞা সমস্যা। চোটের কারণে মৌসুমই শেষ পেতর চেক ও ডিফেন্ডার জন টেরির। একই কারণে অনিশ্চিত এডেন হ্যাজার্ড ও স্যামুয়েল এতোও।
আর হলুদ কার্ড চক্রে পড়ে খেলা হবে না দুই মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও জন ওবি মিকেলের।
আতলেতিকোর অবশ্য এমন কোনো সমস্যা নেই। উল্টো তাদের সেরা তারকা দিয়েগো কস্তা চোট থেকে ফিরে ক্রমেই ছন্দ ফিরে পাচ্ছেন। দারুণ খেলছেন রাউল গার্সিয়াও।
আর আতলেতিকোর রক্ষণ তো পুরো মৌসুম জুড়েই প্রতিপক্ষ দলগুলোর কাছে হয়ে উঠেছে যেন অভেদ্য দেয়াল। কোনো অংশে কম নয় চেলসির রক্ষণভাগও। তবে আতলেতিকোর পাল্টা আক্রমণ করার ক্ষমতা পার্থক্য গড়ে দিতে পারে এই ম্যাচে।
মুখোমুখি লড়াইয়ে দুই দল সমানে সমান। চারবারের দেখায় একটি করে জিতেছে তারা, বাকি দুটি ড্র। সর্বশেষ ২০১২ সালের উয়েফা সুপার কাপে মুখোমুখি হয়েছিল দল দুটি। সেই ম্যাচে চেলসিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শিরোপা জিতেছিল আতলেতিকো।
