স্কুল হকির শিরোপা আলহিকমার
জাতীয় স্কুল হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহীর আলহিকমা মুসলিম অ্যাকাডেমি। মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ২-১ গোলে যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুলকে হারিয়ে শিরোপা জিতে।
অবশ্য ম্যাচের ২২ মিনিটে ওয়ালিদ ওমর সুইটের করা গোলে এগিয়ে যায় যশোরের স্কুলটি। বেশিক্ষন এই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। মিনিট দুই পরেই সমতায় ফেরে আলহিকমা। গোলটি করেন আবু সাঈদ হৃদয়।
৪৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আহসান হাবিব হৃদয়ের গোলে আলহিকমা এগিয়ে যায়। শেষ পর্যন্ত এই ব্যবধানেই খেলা শেষ হয়।
চ্যাম্পিয়ন হয়ে আলহিকমা পেয়েছে এক লাখ টাকার অর্থ পুরস্কার। রানার্সআপ প্রিপারেটরি স্কুল পায় ৫০ হাজার টাকা। ১৬ গোল নিয়ে আরমানিটোলার সর্বোচ্চ গোলদাতা সিহাব হোসেন পেয়েছেন এক লাখ টাকা পুরস্কার।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন স্পন্সর ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এএ জাকারিয়া।
