মোহামেডানকে হারাল বিজেএমসি
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে টিম বিজেএমসির কাছে ৩-২ গোলে হেরে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
বলা যায় মোহামেডান এদিন বিজেএমসির কাছে নয়, হেরেছে আসলে দলটির মিডফিল্ডার আব্দুল্লাহ পারভেজের কাছে। মঙ্গলবার বিজেএমসির এই মিডফিল্ডার জয়সূচক গোলটি করার আগে অবদান রেখেছেন আরেকটি গোলে।
ইনজুরি সময়ে পারভেজের অবিশ্বাস্য গোলটিতে মোহামেডান ম্যাচ হারার সঙ্গে শিরোপা দৌড়েও অনেকটা পিছিয়ে পড়ল।
ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বিজেএমসিকে এগিয়ে দেন গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরা।
৩০তম মিনিটে মোহামেডানও গোলটি শোধ করে পেনাল্টি থেকে। গোলটি করেন নাইজেরীয় মিডফিল্ডার ডেমিয়েন চিগোজি।
৭ মিনিট পর ব্যবধান বাড়াতে পারত বিজেএমসি। কিন্তু গোললাইনের কয়েক গজ দূর থেকে বল জালে জড়াতে পারেননি ইসমাইল বানগুরা।
উল্টো ৪৭তম মিনিটে ওয়াহেদ আহমেদের গোলে ব্যবধান ২-১ করে মোহামেডান।
ম্যাচের ৫৮ মিনিটে ব্যবধান আরো বাড়ানোর দারুণ একটি সুযোগ নষ্ট করে মোহামেডান। জঙ্গোর পাস থেকে ওয়াহেদের নেয়া শটটি পোস্টে লেগে মাঠের বাইরে চলে যায়।
৮১তম মিনিটে বিজেএমসিকে সমতায় ফেরায় নাইজেরিয়ার মিডফিল্ডার স্যামসন ইলিয়াসুর দারুণ এক হেড। অসাধারণ এক ক্রস করে এই গোলটিতে অবদান রাখেন পারভেজ।
সাদা-কালো শিবিরে যখন ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ার হতাশা দেখা দিয়েছে, তখন তাদের আরো বড় ধাক্কা দেন পারভেজ। ম্যাচে যোগ করা সময়ে অবিশ্বাস্য এক গোল করেন তিনি। প্রায় ৪০ গজ দূর থেকে তার নেয়া শটটি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ায়।
এই জয়ে বিজেএমসি ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে। আর মোহামেডান সমান ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। শীর্ষে থাকা শেখ জামালের সঙ্গে তাদের ব্যবধান ৮ পয়েন্টের।
