২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেতে ওঠা রিবেরি বনাম রোনালদো-বেল

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলা তাকিয়ে আছেন ফ্রাঙ্ক রিবেরির আরেকটি দুর্দান্ত পারফরম্যান্সের দিকে। আর রিয়াল মাদ্রিদের বড় ভরসা ক্রিস্টিয়ানো রোনালদো এবং গ্যারেথ বেলের জুটি হয়ে জ্বলে ওঠাটা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 08:49 AM

Updated : 13 Oct 2022, 12:03 PM

পুরনো খবর:

বায়ার্নকে হারিয়ে এগিয়ে রইলো রিয়াল

রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে সেমি-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে বায়ার্নের রিবেরি যেন নিজের ছায়া হয়ে ছিলেন। মঙ্গলবার নিজেদের মাঠে দ্বিতীয় লেগে ফরাসি উইঙ্গারকে জ্বলে উঠতে দেখতে চান গার্দিওলা। আর এটা হলেই রিয়ালকে পেছনে ফেলে বায়ার্ন ফাইনালে জায়গা করে নিতে পারবে বলে মনে করেন তিনি।

“ব্রেমেনের বিপক্ষে (শনিবার বায়ার্নের ৫-২ গোলে জয়ের ম্যাচে) ওর পারফরম্যান্স ছিল তাতানো। ফ্রাঙ্কের মধ্যে আক্রমণাত্মক ভাবটা প্রয়োজন। ও সবসময়ই সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলেছে। আমাদের অবশ্যই সেরা রিবেরিকে প্রয়োজন।”

অসাধারণ ফুটবল খেলে ৭ ম্যাচ হাতে রেখে জার্মানির লিগ শিরোপা জিতে গেছে বায়ার্ন। এর পর থেকেই কেমন যেন মিইয়ে গেছে তারা। দ্যুতি ছড়ানো ফুটবল আর খেলতে পারছে না। সবশেষ ৫টি লিগ ম্যাচের মাত্র ২টিতেই জিতেছে বায়ার্ন।

মৌসুমের শুরু থেকে বুন্দেসলিগা জেতা পর্যন্ত অসাধারণ খেলা রিবেরিও যেন নিজের আসল রূপটা হারিয়ে ফেলেছেন। তবে ব্রেমেন-ম্যাচ আবার যেন আস্থা ফিরিয়ে দিয়েছে বায়ার্ন কোচকে। দলে ডাচ ফরোয়ার্ড আরিয়েন রবেনের মতো ফুটবলার থাকার পরও রিবেরির ওপরই ভরসা করছেন গার্দিওলা। রিয়ালের বিপক্ষে রিবেরিই পার্থক্য গড়ে দিতে পারেন বলে মনে করেন তিনি। বায়ার্ন কোচের পরিকল্পনা রিবেরিকে নিয়ে ঘুরপাক খাচ্ছে। আর রিয়াল মাদ্রিদে প্রস্তুতি চলছে রোনালদো আর বেল জুটি নিয়ে। এ দুজনের গতিময় ফুটবল দিয়েই বায়ার্নকে সেমি-ফাইনাল থেকেই বিদায় করে ইউরোপের অভিজাত প্রতিযোগিতায় দশম শিরোপা জেতার পথে আরেক ধাপ এগুতে চায় তারা। রিয়াল মাদ্রিদের স্বপ্নটা এ দুজনকে ঘিরে ঘুরপাক খাওয়ার যথেষ্ট কারণও রয়েছে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের এই দুই তারকা মিলে গোল করেছেন ১৯টি। এর মধ্যে পর্তুগালের ফরোয়ার্ড রোনালদো করেছেন ১৪ গোল। আর ওয়েলসের জাদুকর হিসেবে খ্যাতি পাওয়া বেলের ৫টি। চোটের কারণে রিয়ালের সবচেয়ে দামি দুই তারকার গত প্রায় এক মাস এক সঙ্গে খেলা হয়নি। ওসাসুনার বিপক্ষে জোড়া গোল করে রোনালদো দেখিয়েছেন প্রায় এক মাস মাঠের বাইরে থাকলেও নিজের পারফরম্যান্সে একটুও মরিচা ধরেনি। ওই ম্যাচে বেল আবার ছিলেন মাঠের বাইরে। স্পেনের দৈনিক মার্কার প্রতিবেদন অনুযায়ী বায়ার্নের বিপক্ষে এ দুজন আবার জুটি বাধবেন। এদিকে বায়ার্নের ফরোয়ার্ড রবেনের বিশ্বাস, ইতিহাস ফিরে এলে কোনো কিছুই রিয়াল মাদ্রিদকে বাচাতে পারবে না। গত তিনটি মৌসুমেই সেমি-ফাইনালের সীমানাতেই আটকে ছিল রিয়াল। স্পেনের এই দলটির জন্য এর চেয়েও ভয়ঙ্কর পরিসংখ্যান হচ্ছে, রিয়ালের বিপক্ষে নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় সবশেষ ১০ ম্যাচের ৯টিতেই জিতেছে বায়ার্ন। নিজেদের দর্শকদের সামনে বায়ার্ন রিয়ালকে আরেকবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে শূন্য হাতে ফেরানোর ব্যবস্থা করতে পারবে বলেই বিশ্বাস রবেনের। “আমার মনে হয় মিউনিখের স্টেডিয়াম তেতে থাকবে। আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দেব।” বায়ার্ন ফাইনালে গেলে চ্যাম্পিয়ন্স লিগে টানা তিনটি ফাইনালে যাওয়ার জুভেন্টাসের রেকর্ড ছুঁয়ে ফেলবে তারা। রবেন হুঙ্কার দিয়ে রেখেছেন রেকর্ড গড়তে প্রস্তুত তারা, “আমরা মুখিয়ে আছি এবং আমরা ফাইনালে উঠে ইতিহাস গড়তে চাই।”