২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল হকির শিরোপার লড়াই

জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হচ্ছে রাজশাহীর আলহিমকা অ্যাকাডেমি ও যশোরের মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুল। মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 01:09 AM

Updated : 22 Aug 2022, 06:10 PM

গত প্রিমিয়ার লিগে ওয়ারীর হয়ে খেলা যশোরের কোচ জসিমউদ্দিন তার দল নিয়ে বেশ আশাবাদী।
“মাত্র ১৯ দিনের কোচিংয়ে এই প্রতিযোগিতায় খেলছে আমাদের দল। আসরের সবগুলো ম্যাচেই জিতেছি। এবার ফাইনালেও জিতে শিরোপা নিয়ে ঘরে ফিরতে চাই।”

“আমার দলের মূল শক্তি হচ্ছে রক্ষণভাগ। অন্য বিভাগের খেলোয়াড়রাও খুব একটা খারাপ খেলছেন না। তাই সব কিছু ঠিক ভাবে হলে আশা করি ম্যাচটি আমরাই জিতবো”, যোগ করেন তিনি।

চ্যাম্পিয়ন হতে চায় রাজশাহীর আলহিমকা অ্যাকাডেমিও। দলটির কোচ আজিরউদ্দিন বলেন, “খেলোয়াড়রা যদি নিজেদের সেরাটা দিতে পারে, তাহলে জয় আমাদের ঘরেই আসবে। প্রতিযোগিতায় আমরা এখনও অপরাজিত। তাই ফাইনালেও আমরা জিতবো বলে আশাবাদী।”

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকা। রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা।

সর্বোচ্চ গোলদাতাও এক লাখ টাকা পাবেন। দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার জন্য ৫০ হাজার এবং তৃতীয় সর্বোচ্চ গোলদাতা পাবে ২৫ হাজার টাকা পুরস্কার।

এই টুর্নামেন্ট থেকে বাছাই করা ৮০ জন খেলোয়াড়কে নিয়ে আগামী ১০ মে থেকে প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে। সেরা ৩০ জনকে বিদেশেও প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। এই ৩০ জনের এক বছরের পড়ালেখার খরচ বহন করবে প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ফার্স্ট সিকিউরিটি ব্যাংক।