২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর ভাগ্যপ্রসূত জয়

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে অনেকটা ভাগ্যের জোরে জয় পেয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার ধারার বিপরীতে ১-০ গোলের জয় তুলে নিয়েছে নীল-আকাশি শিবির।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 10:26 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

ম্যাচে প্রাধান্য দেখিয়েছে মুক্তিযোদ্ধা। শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো সুযোগ পেলেও গোল করতে পারেনি তারা। আর আবাহনী হাতেগোনা কয়েকটি সুযোগ থেকে একটি গোল আদায় করে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়েছে।ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যেতে পারতো মুক্তিযোদ্ধা, কিন্তু নাইজেরিয়ার ফরোয়ার্ড এনকোচা কিংসলের দারুণ হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।১৫তম মিনিটে মুক্তিযোদ্ধার তরুণ মিডফিল্ডার ইমতিয়াজ সুলতান জিতুর বাড়িয়ে দেয়া বলে সানডের শট আবাহনী গোলরক্ষক শহিদুল আলম সোহেল রুখে দেন।খেলার ধারার বিপরীতে গোল পেয়ে বসে আবাহনী। ২৮তম মিনিটে মিডফিল্ডার শাহেদুল আলমের বাড়ানো বল থেকে গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড সুয়ারেস।বিরতির আগে খেলার সমতা আনার দারুণ একটি সুযোগ নষ্ট করেন এনকোচা। জিতুর ক্রস থেকে গোলরক্ষকের সামনে বল পেয়েও জালে জড়াতে পারেননি নাইজেরিয়ার এই খেলোয়াড়।৬৫তম মিনিটে এনকোচার ক্রসে বক্সের মধ্যে সানডে পা ছোঁয়ালেই বল জালে জড়াতো; কিন্তু তিনি পারেননি গোল করে দলের পরাজয় এড়াতে।পাঁচ মিনিট পর পাল্টা আক্রমণ থেকে আবাহনী ব্যবধান দ্বিগুণ করার দারুণ একটি সুযোগ নষ্ট করে। সুয়ারেসের পাসে ঘানার স্ট্রাইকার ওসেই মরিসন গোলরক্ষককে কাটিয়েও জালে বল জালে জড়াতে পারেনি।এই জয়ে আবাহনী ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে তারা। আর মুক্তিযোদ্ধা সমান ম্যাচ থেকে ১৮ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।