২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার স্বপ্ন দেখছেন না মরিনিয়ো

লিভারপুলকে হারিয়ে শিরোপা দৌড়ে নিজেদের টিকিয়ে রেখেছে চেলসি। তবে কোচ জোসে মরিনিয়ো মনে করেন, তার দলের শিরোপা জয়ের তেমন কোনো সম্ভাবনা নেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 10:13 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

রোববার লিভারপুলের মাঠ অ্যানফিল্ড থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে চেলসি। দুই ম্যাচ হাতে রেখে শীর্ষ স্থানে থাকা লিভারপুলের চেয়ে এখন তারা ২ পয়েন্ট পিছিয়ে। চেলসির চেয়ে সম্ভাবনায় এগিয়ে ম্যানচেস্টার সিটি। নিজেদের ৩ ম্যাচ জিতলে শিরোপা জয়ের ভালো সম্ভাবনা আছে মানুয়েল পেল্লেগ্রিনির দলের।

শিরোপা লড়াইয়ে চেলসির অবস্থান বুঝেই হয়তো মরিনিয়ো বলেন, “আমরা আসলে শিরোপা লড়াইয়ে নেই। চ্যাম্পিয়ন হবে লিভারপুল অথবা সিটি। আমাদের আনন্দ করার কিছু নেই।”

লিভারপুলের বিপক্ষে জয়টি চেলসিকে ওপরের দিকে থেকে লিগ শেষ করায় সাহায্য করবে বলে খুশি মরিনিয়ো। তিনের মধ্যে থেকে লিগ শেষ করতে পারলে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি গ্রুপ পর্বে খেলতে পারবে চেলসি।

“আজ আমরা গুরুত্বপূর্ণ ৩টি পয়েন্ট পেয়েছি। তিন নম্বরে থেকে লিগ শেষ করতে আরো ১ পয়েন্ট লাগবে আমাদের।”

সম্প্রতি অনেক কিছু নিয়েই সমালোচনা সইতে হচ্ছে মরিনিয়োকে। লিভারপুলের বিপক্ষে জেতা ম্যাচের পরও অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দায় কোচকে দিচ্ছে সবাই। কিন্তু মরিনিয়ো বিষয়টি উড়িয়ে দিয়েছেন।

“সংবাদমাধ্যমগুলো কী কারণে যে রক্ষণাত্মক ফুটবল খেলার কথা বলছে, আমি বুঝে উঠতে পারছি না।”