কলা ছুড়ে মারার দারুণ জবাব আলভেসের
ভিয়ারিয়ালের এক দর্শক কলা ছুড়ে মেরেছিল দানি আলভেসকে। সাম্প্রদায়িক এই আচরণের জবাব খুব ঠাণ্ডা মাথায় মজা করে দিয়েছেন বার্সেলোনার এই ডিফেন্ডার।
রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার ৩-২ গোলে জেতা ম্যাচে একটি কর্নার কিক নেয়ার সময় আলভেসকে লক্ষ্য করে কলা ছুড়ে মারা হয় গ্যালারি থেকে। ব্রাজিলের ডিফেন্ডার ক্ষোভ প্রকাশ না করে প্রথমে কলাটি তুলে নন। এর পর খোসা ছড়িয়ে কামড় দেন। এর পর কিছুই হয়নি-এমন ভাব করে কর্নার কিকটি নেন।
আলভেস তার এই প্রতিক্রিয়ার ব্যাখ্যাও দিয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেন, “স্পেনে আমরা মাঝেমধ্যেই এই সমস্যায় ভুগি। আপনাকে এ ক্ষেত্রে রসবোধের পরিচয় দিতে হবে।”
আলভেসের রসবোধে মুগ্ধ বার্সেলোনার সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকারও। ইংল্যান্ডের সাবেক ফুটবলার অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে আলভেসের প্রশংসা করেন।
“সে কলাটি তুলে নিল। এর পর খোসা ছড়িয়ে খেল। তারপর কর্নার কিকটি নিতে গেল। দারুণ জবাব। এভাবে অবজ্ঞার সঙ্গেই সাম্প্রদায়িক আচরণের জবাব দিতে হয়।”
আলভেসের ক্লাব আর স্বদেশি সতীর্থ ব্রাজিলের ফরোয়ার্ড নেইমারও তাকে সমর্থন জানিয়েছেন। নেইমারের একাত্মতা ছিল ইনস্টাগ্রামে কলা খাওয়ার একটি ছবি দেয়ার মাধ্যমে।
এ ছাড়া লিভারপুলের মিডফিল্ডার লুকাস লিখেছেন, “তোমার আচরণের জন্য অভিনন্দন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই লড়াইয়ে আমরাও সঙ্গে আছি।”
স্পেনের ফুটবলে ১২ বছরের ক্যারিয়ারে সেভিয়া এবং বার্সেলোনার হয়ে অনেকবারই দর্শকদের সাম্প্রদায়িক আচরণের শিকার হয়েছেন আলভেস। বিষয়টি যে এত সহজে সমাধান করা যাবে না, ম্যাচ শেষে এটাও বলেছেন তিনি।
