২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিএলের বর্ষসেরা ফুটবলার সুয়ারেস

ফুটবলারদের ভোটেই ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুলের বদলে যাওয়া স্ট্রাইকার লুইস সুয়ারেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 05:11 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

রোববার লন্ডনে এক অনুষ্ঠানে উরুগুয়ের এই স্ট্রাইকারের নাম ঘোষণা করে প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশন (পিএফএ)। চেলসির এডেন হ্যাজার্ড হয়েছেন বর্ষসেরা তরুণ খেলোয়াড়।

এমন একটি সম্মাননা উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেসকে খুব আন্দোলিত করেছে, “প্রিমিয়ার লিগের বড় সব খেলোয়াড়দের কাছ থেকে মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি পাওয়া সত্যিই বেশ সম্মানের।”

পিএফএর বর্ষসেরা প্রিমিয়ার লিগের দলে জায়গা পেয়েছেন সুয়ারেজের সতীর্থ স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ ও মিডফিল্ডার স্টিভেন জেরার্ড। শিরোপা লড়াইয়ে থাকা চেলসির গোলরক্ষক পেতর চেক, ডিফেন্ডার গ্যারি কাহিল ও মিডফিল্ডার হ্যাজার্ডও আছেন এই দলে।

পিএফএ তাদের একাদশ পূর্ণ করেছে ম্যানচেস্টার সিটির ভিনসেন্ট ও ইয়াইয়া তোরে, সাউথহ্যাম্পটনের লুক শ ও অ্যাডম লালানা এবং এভারটনের সেমাস কোলম্যানকে নিয়ে।

গত মৌসুমে চেলসির ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড়ে দিয়ে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সুয়ারেস। এ মৌসুমে প্রথম ৬টি ম্যাচ খেলতে পারেননি তিনি। তবু ৩০ গোল নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা তিনিই।

তবে পুরস্কার পাওয়ার কৃতিত্ব দলের অন্যদেরও দিলেন সুয়ারেস।

“আমি সবসময়ই দলের জন্য নিজের সেরাটা দেয়ার চেষ্টা করি। পুরস্কার জয়টা দারুণ। তবে এই পুরস্কার আমার সতীর্থ এবং লিভারপুলের স্টাফদের জন্যই। কারণ তাদের সাহায্য ছাড়া আমি এটা পেতাম না।"

গত অগাস্ট মাসে লিভারপুল ছেড়ে যাওয়ার কথা তুলেছিলেন সুয়ারেস। লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করেছেন। লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ না পেলে তাকে ছেড়ে দেবে বলে কথা দিয়েছিলেন রজার্স।

আর এখন? পরিস্থিতি একেবারেই উল্টে গেছে। গত ডিসেম্বরে লিভারপুলের সঙ্গে নতুন করে সাড়ে ৪ বছরের চুক্তি করেছেন উরুগুয়ের এই স্ট্রাইকার। আর চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করা লিভারপুলের চোখ এখন ইপিএল শিরোপার দিকে।

বর্ষসেরা ইংলিশ প্রিমিয়ার লিগ দল: পেতর চেক (চেলসি), লুক শ (সাউথহ্যাম্পটন), ভিনসেন্ট কোম্পানি (ম্যানচেস্টার সিটি), গ্যারি ক্যাহিল (চেলসি), সিমাস কোলম্যান (এভারটন), এডেন হ্যাজার্ড (চেলসি), ইয়াইয়া তোরে (ম্যানচেস্টার সিটি), স্টিভেন জেরার্ড (লিভারপুল), অ্যাডাম লালানা (সাউথহ্যাম্পটন), লুইস সুয়ারেস (লিভারপুল) ও ড্যানিয়েল স্টারিজ (লিভারপুল)।