শিরোপা সম্ভাবনায় ম্যানচেস্টার সিটি
আগের ম্যাচেই চেলসির কাছে শীর্ষে থাকা লিভারপুলের হার। পরের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে তাই ভালোমতোই টিকে রইলো ম্যানচেস্টার সিটি।
রোববার সিটি জিতেছে ২-০ গোলে। এই জয়ের ফলে ৩৬ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে মাত্র ৩ পয়েন্ট পিছিয়ে আছে সিটি। অবশ্য একটি ম্যাচ কম খেলেছে তারা। আর গোল ব্যবধানেও সবার চেয়ে এগিয়ে মানুয়েল পেল্লেগ্রিনির দল। তাই বলতে গেলে সুবিধাজনক অবস্থাতেই আছে তারা। আপাতত ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেলসি।
চেলসির বিপক্ষে নিজেদের মাঠে ২-০ গোলে হেরে যায় লিভারপুল।
ক্রিস্টালের মাঠে সিটির জয়ের নায়ক আইভরি কোস্টের তারকা ইয়াইয়া তোরে। একটি গোল করার পাশপাশি অপর গোলেও তার কার্যকর ভূমিকা ছিল।
ম্যাচের চতুর্থ মিনিটেই সিটিকে এগিয়ে দেন এদিন জেকো। ডান দিক থেকে তোরের দেয়া ক্রসে হেড করে গোলটি করেন বসনিয়ার এই স্ট্রাইকার।
বিরতির মিনিট দুই আগে ব্যবধান দ্বিগুণ করেন তোরে। সামির নাসরির পাস পেয়ে ডি বক্সের মধ্যে থেকে বাঁ-পায়ের শটে গোলটি করেন তোরে।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর আরো কয়েকটি সুযোগ পেয়েছিল সিটি। কিন্তু তোরে, জেকো, স্যার্হিও আগুয়েরো-সবাই লক্ষ্যভেদে ব্যর্থ হন।
