লা লিগার শিরোপা দেখছে আতলেতিকো
রাউল গার্সিয়ার একমাত্র গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়ে লা লিগার শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল আতলেতিকো মাদ্রিদ।
রোববার প্রতিপক্ষের মাঠে ৪৩তম মিনিটে জয়সূচক গোলটি করেন স্পেনের মিডফিল্ডার গার্সিয়া। স্বদেশী মিডফিল্ডার গাবির ক্রসে দারুণ একটি হেড করে লক্ষ্যভেদ করেন গার্সিয়া।
দ্বিতীয়ার্ধের ষষ্ট মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন তারকা স্ট্রাইকার দিয়েগো কস্তা। ৮৩তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন এ পর্যন্ত লিগে ২৭ গোল করা কস্তা।
ইনজুরি সময়ে ভ্যালেন্সিয়ার আর্জেন্টিনার স্ট্রাইকার পাবলো পিয়াত্তিকে ফাউল করে লাল কার্ড দেখেন আতলেতিকোর ডিফেন্ডার হুয়ানফ্রান। তবে এক জন কম নিয়েও খেললেও বাকি সময়ে কোনো বিপদ হয়নি।
এই জয়ের ফলে লা লিগায় ৩ ম্যাচ বাকি থাকতে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আরো সুসংহত আতলেতিকো। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পয়েন্ট যথাক্রমে ৮২ ও ৮১।
বার্সেলোনার সঙ্গে লিগের শেষ ম্যাচটি খেলবে আতলেতিকো। তবে তার আগের দুই ম্যাচ জিতলেই দুই বড় দলকে ছাড়িয়ে শিরোপা ছিনিয়ে নেবে দিয়েগো সিমেওনের দল।
