২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপেক্ষা বাড়লো পিএসজির

ফরাসি লিগের শিরাপা ধরে রাখার লক্ষ্যে অপেক্ষা বাড়লো পিএসজির। রোববার সোশোর মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছে গতবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 08:57 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

প্রতিপক্ষের মাঠে ২৪তম মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার এদিনসন কাভানির গোলে ঠিকই এগিয়ে গিয়েছিল পিএসজি। কিন্তু ৫৬তম মিনিটে ব্রাজিলের ডিফেন্ডার চিয়াগো সিলভার আত্মঘাতী গোলে জয়বঞ্চিত হয় বড় বাজেটের দলটি।

এই ম্যাচটি জিতলে তিন ম্যাচ হাতে রেখে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততো পিএসজি। তবে শিরোপা ধরে রাখাটা তাদের অনেকটাই নিশ্চিত। ৩ ম্যাচ বাকি থাকতে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মোনাকো পয়েন্ট ৭৫।

শনিবার আজাকসিওকে ৪-১ গোলে হারায় মোনাকো।