রিয়ালকে শিরোপা লড়াইয়ে রাখলেন রোনালদো
লা লিগায় সহজ জয় পেয়েছে স্পেনের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রস্তুতিটাও ভালোভাবে সেরে নিয়েছে রিয়াল।
মঙ্গলবার আলিয়াঞ্জ অ্যারেনায় ইউরোর সেরার প্রতিযোগিতার সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে স্বাগতিক বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল। নিজেদের মাঠে প্রথম লেগে ১-০ গোলে জেতায় এগিয়ে থেকেই মাঠে নামবে প্রতিযোগিতার সবচেয়ে সফল দলটি।
রিয়ালের এই জয়ে সবচেয়ে বড় অবদান ফিফা বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর। দুই অর্ধে একটি করে গোল করেছেন পর্তুগালের এই তারকা।
এই জয়ে ৩৪ খেলায় ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। ৮১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে শিরোপাধারী বার্সেলোনা। আর ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দিয়েগো সিমেওনের আতলেতিকো মাদ্রিদ।
শনিবার সান্তিয়াগো বার্নাবেউয়ে মাত্র ষষ্ঠ মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। বক্সের ঠিক বাইরে বল পেয়ে অসাধারণ এক গোল করেন রিয়ালের এই মহাতারকা।
পাঁচ মিনিট পরই সমতা ফেরানোর দারুণ একটা সুযোগ পেয়েছিল ওসাসুনা। কর্নারের বিনিময়ে সেবার দলকে রক্ষা করেন ভারানে।
২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ এসেছিল স্যার্হিও রামোসের সামনে। রোনালদোর হেড সেবার লক্ষ্যে রাখতে পারেননি রিয়ালের এই সেন্টারব্যাক।
৩৭তম মিনিটে রোনালদোর ফ্রি-কিক থেকে আবার সুযোগ পেয়েছিলেন রামোস। বক্সে অরক্ষিত থাকলেও এবারো হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
প্রথমার্ধের ইনজুরি সময়ে দুবার স্বাগতিকদের হতাশ করেন ওসাসুনার গোলরক্ষক।
চেনা উদযাপন রোনালদোর
রোনালদোকে সতীর্থদের অভিনন্দন
গোলের পর আনন্দে ডিগবাজিই খেলেন রামোস।
উদযাপন কারভাহালের
