বায়ার্নের আত্মবিশ্বাস বাড়ানো জয়
জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায় ভার্ডার ব্রেমেনের বিপক্ষে দুই দুইবার পিছিয়ে পড়েও দারুণ এক জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে ৫-২ গোলে জিতেছে তারা।
শনিবার আলিয়াঞ্জ অ্যারেনায় দশম মিনিটেই চেক প্রজাতন্ত্রের ডিফেন্ডার থিয়েডোর গেব্রের গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। তবে ১০ মিনিট বাদেই ফরাসি ফরোয়ার্ড ফ্র্যাঙ্ক রিবেরির গোলে ম্যাচে ফেরে বায়ার্ন।
৩৬তম মিনিটে ব্রেমেনের মিডফিল্ডার অ্যারন হান্টের গোলে আবারো পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
তবে দ্বিতীয়ার্ধে আর কোনো চমক দেখাতে পারেনি অতিথি দলটি। ৪ মিনিটের ব্যবধানে দুটি গোল করে বায়ার্নকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন পেরুর স্ট্রাইকার ক্লদিও পিসারো।
আর ৬১ ও ৭৪তম মিনিটে যথাক্রমে মিডফিল্ডার বাস্তিয়ান শোয়াইনস্টাইগার ও ফরোয়ার্ড আরিয়েন রোবেন গোল করে বায়ার্নের সহজ জয় নিশ্চিত করেন।
বুন্দেসলিগায় রেকর্ড ৭ ম্যাচ হাতে রেখে ইতোমধ্যে শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন। ৩২ ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট ৮৪।
তাই লিগের শিরোপা দৌড়ে বায়ার্নের এই জয় কোনো প্রভাব না রাখলেও বায়ার্নের কাছে এর গুরুত্ব অনেক।
আগামী মঙ্গলবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগ খেলবে দলটি। গত সপ্তাহে রিয়ালের মাঠে প্রথম লেগে ১-০ গোলে হেরে যাওয়ায় এই ম্যাচে জিততেই হবে তাদের। তাই অমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন একটা জয় নিশ্চিতভাবেই রিবেরি-রোবেনদের আত্মবিশ্বাস আরো বাড়াবে।
এদিকে, লিগের শিরোপা লড়াই শেষ হয়ে গেলেও আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার লড়াই এখনও চলছে। সে লক্ষ্যে দিনের অপর ম্যাচে ছোট একটা ধাক্কা খেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। বায়ার লেভারকুজেনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।
দুই ম্যাচ বাকি থাকতে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বরুসিয়া। ৫৮ ও ৫৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে শালকে জিরো ফোর ও লেভারকুজেন। তবে একটি ম্যাচ কম খেলেছে শালকে।
