স্টুটগার্টের ফাইনালে শারাপোভা
সারা এররানিকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো পোরশে টেনিস গ্রাঁ প্রিঁর ফাইনালে উঠেছেন মারিয়া শারাপোভা।
শনিবার জার্মানির স্টুটগার্টের এই টুর্নামেন্টের সেমি-ফাইনালে ইতালির এররানিকে ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন গত দুইবারের চ্যাম্পিয়ন শারাপোভা।
অষ্টম বাছাই এরানিকে হারাতে এক ঘণ্টারও কম সময় নেন ষষ্ঠ বাছাই শারাপোভা। ক্লে কোর্টের এই প্রতিযোগিতায় রুশ তারকার এটি টানা দ্বাদশ জয়।
ফাইনালে শারাপোভা খেলবেন সার্বিয়ার দুই খেলোয়াড় পঞ্চম বাছাই ইয়েলেনা ইয়াঙ্কোভিচ ও নবম বাছাই আনা ইভানোভিচের মধ্যে বিজয়ীর সঙ্গে।
চোটের কারণে চার মাসেরও বেশি সময় কোর্টের বাইরে থাকার পর গত বছরের শেষের দিকে প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরেন শারাপোভা।
