‘নীরব’ মরিনিয়োর অন্যরকম খোঁচা
লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নীরবতাকেই বেছে নিয়েছেন চেলসি কোচ জোসে মরিনিয়ো। এই ম্যাচে চেলসি তুলনামূলক ‘দুর্বল’ দল নিয়ে খেলবে কিনা, এ ব্যাপারে কিছু বলতে চাননি পর্তুগালের এই কোচ। তবে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনকে ঠিকই ‘খোঁচা’ মেরেছেন তিনি।
মরিনিয়ো আগে ইঙ্গিত দিয়েছিলেন, রোববার লিভারপুলের বিপক্ষে ম্যাচের চেয়ে তিনি ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। শুক্রবার এ বিষয়ে প্রশ্ন করা হলে একবাক্যে উত্তর শেষ করেন তিনি।
“রোববারের জন্য অপেক্ষা করুন, আমাদের দল দেখতে পাবেন।”
এরপরই তিনি ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএ) ‘খোঁচা’ দিতে শুরু করেন। বিধি বহির্ভূত আচরণের জন্য আরেকটা শাস্তি পাওয়ার পর প্রাণ খুলে কথা বলার ইচ্ছেটা চলে গেছে উল্লেখ করে এফএকে আক্রমণ শুরু করেন মরিনিয়ো।
“আমি যখনই কথা বলি, কোনো একটা প্রভাব পরেই। এমনকি আমি যদি বলি রেফারি দুর্দান্ত ছিলেন, সেটাও শাস্তি দেয়ার একটি কারণ হয়ে যায়।”
ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচের পর কৌশলে রেফারি মাইক ডিন এবং রেফারিদের প্রধান মাইক রিলের ‘সততা’ নিয়ে প্রশ্ন তোলেন মরিনিয়ো। ওই ম্যাচে রেফারি মাইক ডিনের পারফরম্যান্স ‘অসাধারণ’ ছিল উল্লেখ করে তিনি তাকে অভিনন্দন জানিয়েছিলেন।
বিষয়টিকে বিধি বহির্ভূত আচরণের আওতায় ফেলে এফএ মরিনিয়োর বিরুদ্ধে অভিযোগ আনে।
এই অভিযোগের বিষয়টি উল্লেখ করে সাংবাদিকদের মরিনিয়ো বলেন, “আমি তো সত্য কথা বলতেই পারি না। আসলে আমি নিজেকে স্বাধীন ভাবতে পারি না। আপনারা যদি উপভোগ্য সংবাদ সম্মেলন চান, তাহলে এফএর সঙ্গে কথা বলেন।”
