বিশ্বকাপ স্টেডিয়ামের কাজে দেরিতে টিকেট নিয়ে ঝামেলা
নির্ধারিত সময়ের মধ্যে ব্রাজিল বিশ্বকাপের সবগুলো স্টেডিয়াম প্রস্তুত না হওয়ায় টিকেট বিক্রিতে সমস্যায় পড়েছে ফিফা।
ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি বুঝতে পারছে না, এখনও অসম্পূর্ণ স্টেডিয়ামগুলোয় হতে যাওয়া ম্যাচগুলোর জন্য কতগুলো টিকেট ছাড়বে তারা।
বৃহস্পতিবার ফিফার মার্কেটিং ডিরেক্টর থিয়েরি ভাইল বলেন, “ঠিক কতগুলো টিকেট ছাড়া হবে তা বলতে পারছি না, কারণ আমরা জানি না, স্টেডিয়ামে আসলে কতগুলো আসন থাকবে।”
আগামী ১২ জুন থেকে ১২টি স্টেডিয়ামে হবে এবারের বিশ্বকাপ আসর। বিশ্বকাপের জন্য সবগুলো স্টেডিয়াম তৈরি ও সংস্কারের জন্যে গত ডিসেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছিল ফিফা। কিন্তু ঐ সময়ের মধ্যে মাত্র ছয়টির কাজ শেষ করে ব্রাজিল।
বিশ্বকাপ আয়োজনে সকল প্রস্তুতির জন্যে ব্রাজিল সাত বছর সময় পেলেও স্টেডিয়াম, বিমানবন্দর, রাস্তা ও অন্যান্য অনেক কাজ এখনও বাকি।
তবে ফিফার জন্যে বড় দুশ্চিন্তা অপ্রস্তুত স্টেডিয়ামগুলো। বিশেষ করে সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্স তাদের দুশ্চিন্তার কারণ। ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি এখানেই হবে।
শুরুতে স্টেডিয়ামটি ছিল ৪৮ হাজার আসনের। বিশ্বকাপ উপলক্ষে আরো ২০ হাজার আসন বাড়ানোর সিদ্ধান্ত হয়। তার কাজ এখনও শেষ হয়নি। উদ্বোধনী ম্যাচ ছাড়াও এই মাঠে বিশ্বকাপের আরো পাঁচটি ম্যাচ হবে।
এছাড়া কুরিচিবা ও কুইয়াবা স্টেডিয়ামের কাজও এখন শেষ হয়নি। কুরিচিবায় আরো ২৭ হাজার আসন বসানো হবে।
