২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সারের কাছে হেরে গেলেন ভিলানোভা

বার্সেলোনার সাবেক কোচ তিতো ভিলানোভা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 11:20 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

শুক্রবার স্পেনের ক্লাবটি এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে।

"বার্সেলোনার জন্য এটা অনেক বড় শো্ক। তিতো ভিলানোভা ৪৫ বছর বয়সে মারা গেছেন। তিনি যেন শান্তিতে বিশ্রাম নিতে পারেন।”

২০১১ সালের নভেম্বরে অস্ত্রোপচারের মাধ্যমে প্রথম তার গলা থেকে একটা টিউমার সরানো হয়। কিন্তু পরের বছর ডিসেম্বরে আবার তা খারাপ পর্যায়ে চলে যায়।

২০০৭ সাল থেকে স্পেনের জনপ্রিয় ক্লাবটির সঙ্গে যুক্ত ছিলেন দেশটির সাবেক মিডফিল্ডার ভিলানোভা। প্রথম বছরে বার্সেলোনা 'বি' দলের সহাকারী কোচের দায়িত্ব পালন করেন তিনি। আর পরের বছর মূল দলের প্রধান কোচ পেপ গার্দিওলার সহকারী হিসেবে কাজ শুরু করেন ভিলানোভা।

এরপর ২০১২ সালে গার্দিওলা বার্সা ছাড়ার পর দুই বছরের চুক্তিতে প্রধান কোচের দায়িত্ব পান তিনি। প্রথম বছরেই দলকে লা লিগা শিরোপা জেতান। কিন্তু ক্যান্সারের চিকিৎসার জন্য গত জুলাইয়ে দায়িত্ব থেকে সরে যান তিনি।