ইন্দোনেশিয়া মাস্টার্স থেকে বাদ পড়ছেন সিদ্দিকুর
মালয়েশিয়া ওপেনের হতাশাজনক পারফরম্যান্সের পর ইন্দোনেশিয়া মাস্টার্সেও খারাপ সময় কাটছে সিদ্দিকুর রহমানের। রয়েল জাকার্তা গলফ ক্লাবের এই প্রতিযোগিতার দ্বিতীয় দিন শেষে যৌথভাবে ৯৪তম স্থানে আছেন তিনি।
তবে শুক্রবার খারাপ আবহাওয়ার কারণে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়নি। অবশ্য নিজের ১৮ হোলের খেলা শেষ করেছেন সিদ্দিকুর।
সবমিলিয়ে পারের চেয়ে মোট ৫ শট বেশি খেলেছেন বাংলাদেশের সেরা গলফার। তাই দ্বিতীয় রাউন্ডের বাকি খেলা শেষেও যদি সিদ্দিকুরের অবস্থানের উন্নতি না হয় তাহলে পরের রাউন্ডে খেলতে পারবেন না তিনি।
এদিন সিদ্দিকুর চারটি ‘বার্ডি’ (কোনো হোলে পারের চেয়ে এক শট কম খেলা) করলেও তিনটি ‘বোগি’ (কোনো হোলে পারের চেয়ে এক শট বেশি খেলা) ও একটি ‘ডাবল বোগি’ (কোনো হোলে পারের চেয়ে দুই শট বেশি খেলা) করেন।
প্রথম রাউন্ডে পারের চেয়ে ৪ শট বেশি খেলে যৌথভাবে ১০৯তম স্থানে ছিলেন সিদ্দিকুর।
সাড়ে সাত লাখ ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ১০ শট কম খেলে শীর্ষে আছেন চাইনিজ তাইপের লিন ওযেন ট্যাং।
গত সপ্তাহে শেষ হওয়া মালয়েশিয়া ওপেনে যৌথভাবে ৫৭তম হয়েছিলেন বাংলাদেশের সেরা এই গলফার।
