নেইমারের চোটে চিন্তিত নন কোচ
নেইমারের চোট একদমই ভাবাচ্ছে না ব্রাজিলের কোচ লুই ফেলিপে স্কলারিকে।
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দেড় মাস বাকি। কিন্তু পায়ের চোট নিয়ে মাঠের বাইরে আছেন নেইমার। আরো প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরেই থাকতে হবে ব্রাজিলের ফরোয়ার্ডকে।
শুধু চোটই নয়, গত বছর বার্সেলোনায় যোগ দিয়ে স্পেনের এই ক্লাবের হয়ে আশানুরুপ ভালো খেলতে পারেননি নেইমার। এই মৌসুমে দল হিসেবেও বার্সেলোনা ব্যর্থ। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়া দলটি কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে গেছে। লা লিগায়ও শিরোপা দৌড়ে পিছিয়ে আছে তারা।
তবে নেইমারের এই চোট এবং ক্লাবের হয়ে তার খুব ভালো খেলতে না পারাটা মোটেও ভাবাচ্ছে না ‘বিগ ফিল’ নামে পরিচিত স্কলারিকে।
ব্রাজিলকে ২০০২-এর বিশ্বকাপ জেতানো এই কোচ চীনের সংবাদ সংস্থা সিনহুয়াকে বলেন, “জাতীয় দলে সে (নেইমার) সবসময় যেভাবে খেলে এবারও সেভাবেই খেলবে। তার এবং তার বাবার সঙ্গে আমি কথা বলেছি। একটা কথা আমি বলতে পারি, তার ব্যাপারে আমি একদমই চিন্তিত নই।”
স্কলারির মতে, দল হিসেবে বার্সেলোনা ভালো করছে না। নেইমার শুধু ওই দলের একজন সদস্যই। গত জুনে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৪ ম্যাচ খেলে ১৭ গোল করেছেন নেইমার।
