২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার হেরেই গেল বায়ার্ন

সাত ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা জয়ের রেকর্ড গড়েই ছন্দ হারিয়েছে বায়ার্ন মিউনিখ। গত সপ্তাহে হফেনহাইমের সঙ্গে ৩-৩ গোলে ড্র করার পর এবার হেরেই গেল তারা। শনিবার বুন্দেসলিগায় অগসবুর্গের মাঠে ১-০ গোলে হেরেছে গত মৌসুমের ‘ট্রেবল’ জয়ীরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2014, 11:09 PM

Updated : 13 Oct 2022, 11:58 AM

ঘরোয়া লিগে টানা ১৯টি জয়ে শিরোপা নিশ্চিত হওয়ার পর গত সপ্তাহে থামে বায়ার্নের জয়রথ। আর এবার টানা ৫৩ ম্যাচ অপরাজেয় থাকার পর হারলো তারা। লিগে ১৮ মাসে এটা তাদের প্রথম পরাজয়।

গতবছর সর্বমোট পাঁচটি শিরোপা জেতা বায়ার্নকে হারের স্বাদ দেয়ার কৃতিত্ব অগসবুর্গের স্ট্রাইকার সাচকা মোল্ডার্সের। ৩১ মিনিটে মিডফিল্ডার দানিয়েল বেইয়ারের পাস থেকে গোলটি করেন মোল্ডার্স। ২৯ ম্যাচ শেষে চ্যাম্পিয়ন বায়ার্নের পয়েন্ট ৭৮।

লিগে দিনের অন্যান্য ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুট ২-০ গোলে মেইঞ্জকে এবং বরুসিয়া মনশেনগ্লাডবাখ একই ব্যবধানে নুরেমবার্গকে হারিয়েছে। এছাড়া ভার্ডার ব্রেমেন ১-১ গোলে শালকে জিরো ফোরের সঙ্গে ড্র করেছে।