২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিতে মোহামেডানের প্রতিপক্ষ আবাহনী

ফেভারিট শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে হারিয়ে স্বাধীনতা কাপের সেমি-ফাইনালে উঠেছে ঢাকা আবাহনী লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে নীল-আকাশি শিবির।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 08:06 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

আগামী ৯ এপ্রিল শেষ চারের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের বিপক্ষে খেলবে আবাহনী।

শুক্রবার আবাহনীর জয়ের নায়ক পর্তুগিজ ফরোয়ার্ড সুয়ারেজ। জোড়া গোল করেন তিনি। ঢাকার মাটিতে এটি ছিল তার প্রথম ম্যাচ।

ম্যাচের প্রথমে কিন্তু এগিয়ে গিয়েছিল শেখ জামাল। ৩৩ মিনিটে হাইতির ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমের গোলে এগিয়ে যায় তারা। মিডফিল্ডার সোহেল রানার পাস পেয়ে বক্সে ঢুকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান তিনি।

৩৯ মিনিটে ব্যবধান হতে পারতো ২-০। কিন্তু হাইতির আরেক ফরোয়ার্ড সনি নর্দের চমৎকার ফ্রি কিক দ্বিতীয় প্রচেষ্টায় ধরে দলকে বাঁচিয়ে দেন  আবাহনী গোলরক্ষক। মিনিট খানেকের ব্যবধানে আরও একটি দারুণ সুযোগ নষ্ট করে শেখ জামাল।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আবাহনী। একের পর এক আক্রমণে গোল পেতেও দেরি হয়নি তাদের।

৫৮ মিনিটে পেনাল্টিতে ম্যাচের সমতা টানেন সুয়ারেজ। সুয়ারেজের একটি ক্রসে হেড করেছিলেন স্ট্রাইকার মরিসন। কিন্তু বলটি লাগে শেখ জামালের ডিফেন্ডার রায়হান হাসানের হাতে। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

এর ৯ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। ঘানান স্ট্রাইকার ওসই মরিসনের বাড়ানো বল পেয়ে বক্সে ঢুকে চমৎকার আড়াআড়ি শটে গোল করেন তিনি।

দলের জয়ে উচ্ছ্বসিত আবাহনীর ইরানি কোচ আলী আকবর পুরমুসলিমি।

“ছেলেরা দারুণ খেলেছে, তারই ফল এই জয়। বিশেষ করে দলের আক্রমণভাগ অসাধারণ খেলেছে এদিন। সুয়ারেজ দলে যোগ দেয়ায় আক্রমণের ধার অনেকখানি বেড়েছে। এই ধারাবাহিকতা পরবর্তী ম্যাচগুলোতেও খেলোয়াড়রা ধরে রাখবে বলে আমি আশাবাদী।”

এদিকে, হেরে গিয়ে ভীষণ হতাশ শেখ জামালের নাইজেরীয় কোচ জোসেফ আফুসি। রেফারির সমালোচনা করে তিনি বলেন, “রেফারির একটি ভুল সিদ্ধান্ত পুরো ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে। ম্যাচে ঠিক তাই হয়েছে। বিশেষ করে পেনাল্টির সিন্ধান্তটি ঠিক হয়নি। অবশ্য আমাদের খেলোয়াড়রাও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি।”