ইউরোপা লিগের শেষ চারে এক পা জুভেন্টাসের
ফ্রান্সের অলিম্পিক লিওঁর মাঠে জিতে ইউরোপা লিগের সেমি-ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল জুভেন্টাস।
ইতালির এই ক্লাবটি বৃহস্পতিবার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে একমাত্র গেলে অলিম্পিক লিওঁকে হারায়।
জুভেন্টাসের জয়ের নায়ক লিওনার্দো বনুচ্চি। ম্যাচের ৮৫ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন ইতালির এই ডিফেন্ডার।
ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে জুভেন্টাস ছাড়াও জয় পেয়েছে এফসি বাসেল, পোর্তো ও বেনফিকা।
রাতের সবচেয়ে বড় ব্যবধানের জয়টি বাসেলের। ঘরের মাঠে স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ডের এই ক্লাবটি।
৩৪ থেকে ৩৮, এই চার মিনিটের মধ্যে জোড়া গোল করে বাসেলের জয়ের ভিত গড়ে দেন দলের আর্জেন্টিনার মিডফিল্ডার দেলগাদো আর যোগ করা সময়ে ভ্যালেন্সিয়ার কফিনে শেষ পেরেকটি ঠোকেন সুইস মিডফিল্ডার ভ্যালেন্টিন স্টকার।
পর্তুগালের ক্লাব পোর্তো হারিয়েছে স্পেনের আরেক ক্লাব সেভিয়াকে। নিজেদের মাঠে পোর্তোর জয়টি এসেছে ডিফেন্ডার হান্স মানগালার একমাত্র গোলে।
পর্তুগালের আরেক ক্লাব বেনফিকা ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে ডাচ ক্লাব এজেড আলক্মারের মাঠ থেকে। জয়সূচক গোলটি করেছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড এদুয়ার্দো সালভিও।
