২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাকে হারিয়ে শেষ চারে মোহামেডান

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে একমাত্র গোলে হারিয়ে স্বাধীনতা কাপের সেমি-ফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 08:42 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ম্যাচে প্রাধান্য ছিল মোহামেডানের। শক্তিশালী দল হয়েও মুক্তিযোদ্ধা খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি।ম্যাচে অবশ্য শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মোহামেডান। ম্যাচের ৬ মিনিটেই দারুণ একটি সুযোগ পেয়ে যায় তারা। কিন্তু নাইজেরিয়ার মিডফিল্ডার ড্যামিয়েন চিগোজির ফ্রি-কিকে তারই স্বদেশী ডিফেন্ডার উবম হেনরির হেড জালে জড়ায়নি।৩১ মিনিটে আরও একটি সহজ সুযোগ হাতছাড়া করে ঐতিহ্যবাদী দলটি। ফরোয়ার্ড জাহিদ হোসেনের কর্নারে হেনরির হেড ক্রসবারে লেগে ফিরে আসে।কয়েকটি সুযোগ নষ্ট করার পর অবশেষে মোহামেডান লক্ষ্যভেদ করে ৪৪ মিনিটে। জাহিদের ফ্রি-কিকে ক্যামেরুনের ডিফেন্ডার বাইবেক চমৎকার হেডে গোল করেন।পরবর্তীতে ব্যবধান বাড়ানোরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল মোহামেডান। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। বিশেষ করে ৫৭ মিনিটে জাহিদের বাড়ানো বলে ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজের শট ক্রসবারের ওপর চলে যায়।তবে মুক্তিযোদ্ধা এদিন একেবারেই নিষ্প্রভ ছিল। সমতা ফেরানোর মতো ভালো কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা।তবে শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহুর্তে বক্সের বাইরে থেকে নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবার একটি ফ্রি-কিক ক্রসবার ঘেষে বাইরে চলে যায়। বলার মতো ম্যাচে এই একটি সুযোগই পেয়েছিল তারা।দলের পারফরম্যান্সে দারুণ খুশি মোহামেডানের পর্তুগীজ কোচ রুই হোসে ক্যাপেলা বাতিস্তা।“বেশ কিছু সুযোগ নষ্ট করলেও ছেলেরা ভালো ফুটবল হয়েছে এদিন। দলের খেলায় আমি সন্তুষ্ট। আশা করছি সেমিতে এই ধারা অব্যহত রাখবে খেলোয়াড়রা। তাহলেই আমরা অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারবো।”মুক্তিযোদ্ধা কোচ শফিকুল ইসলাম মানিক এই হারের জন্য রেফারিকে দুষেছেন। তিনি বলেন, “রেফারির কিছু ভুল সিদ্ধান্তের কারণে আমরা এই ম্যাচে হেরেছি। বিশেষ করে বক্সের ভেতরে দুইবার হ্যান্ডবল হলেও রেফারি তা পেনাল্টি দেয়নি। এতে করে ভালো কিছু করার সুযোগ নষ্ট হয়ে যায়।”