এফসি প্রেসিডেন্টস কাপে 'এ' গ্রুপে শেখ রাসেল
এএফসি প্রেসিডেন্টস কাপের বাছাইয়ে ‘এ’গ্রুপে খেলবে বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়া চক্র। শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ড্রর মাধ্যমে টুর্নামেন্টের গ্রুপিং ঠিক হয়েছে।
শ্রীলঙ্কার কলম্বোতে হবে টুর্নামেন্টের ‘এ’গ্রুপের খেলা। শেখ রাসেলের গ্রুপে আরও রয়েছে শ্রীলঙ্কার বিমানবাহিনী, পাকিস্তানের কেআরএল ফুটবল ক্লাব ও ভুটানের ইয়ুগেন একাডেমি ফুটবল ক্লাব। টুর্নামেন্টের দিন-তারিখ এখনও ঠিক হয়নি। তবে মে মাসেই গ্রুপ পর্যায়ের খেলা হয়। ১১ টি ক্লাব দল তিনটি গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্টে অংশ নেবে। ‘বি’গ্রুপের খেলা হবে ফিলিপাইনে এবং ‘সি’গ্রুপের খেলা হবে মঙ্গলিয়ায়। শেখ রাসেল ক্রীড়া চক্র বাংলাদেশে প্রিমিয়ার লিগের গতবারের চ্যাম্পিয়ন হিসেবে এই টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পেয়েছে। এর আগে ঢাকা আবাহনী লিমিটেড বেশ কয়েকবার এই টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু একবারও মূল পর্বে উঠতে পারেনি তারা। মূলত এশিয়ার ফুটবলে নিচু সারির দেশের ক্লাবগুলোই এই প্রেসিডেন্টস কাপের খেলে থাকে। প্রথম সারির দলগুলোকে নিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং দ্বিতীয় সারির দলগুলো এএফসি কাপে অংশ নিয়ে থাকে।
