২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিশিকোরির এবার ফেদেরার-বধ

কোয়ার্টার-ফাইনালে অঘটন দেখল সনি ওপেন টেনিস। রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যামজয়ী রজার ফেদেরারকে হারিয়ে পুরুষ এককের সেমি-ফাইনালে উঠেছেন জাপানের কেই নিশিকোরি। শেষ আটের আরেক ম্যাচে অ্যান্ডি মারেকে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছেন বিশ্বের দুই নম্বর তারকা নোভাক জোকোভিচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 04:09 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

মিয়ামিতে বুধবার শেষ চারে ওঠার লড়াইয়ে সেন্টার কোর্টে ২ ঘণ্টার ম্যাচে ফেদেরারকে ৩-৬, ৭-৫ ও ৬-৪ গেমে হারিয়েছেন নিশিকোরি। ফেদেরারের সঙ্গে তিনবারের সাক্ষাতে নিশিকোরির এটি দ্বিতীয় জয়।

এমন এক জয়ের পর দারুণ উচ্ছ্বসিত র‌্যাঙ্কিংয়ের ২১ নম্বরে থাকা এই জাপানি, “রজারকে হারানো এবং তাও আবার দ্বিতীয়বারের মতো তাকে হারানো, আমার মনে হয়, আমি খুবই ভালো খেলেছি।”

এর আগে মঙ্গলবার চতুর্থ রাউন্ডে ৩ ঘণ্টার লড়াইয়ে চতুর্থ বাছাই ডেভিড ফেরারকে হারিয়েছেন নিশিকোরি।

গত বছরের উইম্বলডনের ফাইনালের পর সনি ওপেনের কোয়ার্টার-ফাইনালে প্রথম মুখোমুখি হয়েছিলেন মারে-জোকোভিচ। মারেকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে সেমি-ফাইনালে উঠে একটা প্রতিশোধও নেয়া হলো জোকোভিচের।

সেমি-ফাইনালে জোকোভিচ মুখোমুখি হবেন ফেরার ও ফেদেরারকে বধ করা নিশিকোরির।