২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষসেরা ক্রীড়াবিদ ফেটেল ও ফ্রাঙ্কলিন

প্রথমবারের মতো লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন জার্মানির ফর্মুলা ওয়ান তারকা জেবাস্টিয়ান ফেটেল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 10:40 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

গতবছর ফর্মুলা ওয়ানের শিরোপাসহ টানা চারবার এর শিরোপা জয়ের কৃতিত্ব গড়েন ফেটেল। সবচেয়ে কম বয়সে চারটি ফর্মুলা ওয়ান জয়ের রেকর্ডও গড়েন ২৬ বয়সী এই তারকা। তাছাড়া গত বছর এক মৌসুমে টানা নয়টি রেস জেতার অনন্য রেকর্ড গড়েছিলেন তিনি।‘ক্রীড়াঙ্গনের অস্কার’ খ্যাত এই পুরস্কারটি জিততে ফেটেল পেছনে ফেলেন জ্যামাইকার গতিমানব উসাইন বোল্ট, টেনিস তারকা রাফায়েল নাদাল ও গত বছরের ফিফা ব্যালন ডি’অর জেতা ক্রিস্টিয়ানো রোনালদোকে। এর সংক্ষিপ্ত তালিকায় আরো ছিলেন ব্রিটেনের দূরপাল্লার দৌড়বিদ মো ফারাহ ও যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস।২০০৯, ২০১০ ও ২০১৩ সালে এই পুরস্কার জিতেছেন বোল্ট। ২০১১ সালে স্পেনের নাদাল ও ২০১২ সালে সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ এ পুরস্কার পান।সবচেয়ে কম বয়সে লরিয়াস বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাঁতারু মিসি ফ্রাঙ্কলিন। মেয়েদের টেনিসের এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামস, জ্যামাইকার দৌড়বিদ শেলি-অ্যান ফেজার-প্রাইস ও রাশিয়ার পোল ভল্টার ইয়েলেনা ইসিনিবায়েভাকে হারিয়ে পুরস্কারটি জিতে নেন ১৮ বছর বয়সী ফ্রাঙ্কলিন।এই বিভাগের সংক্ষিপ্ত তালিকায় আরো ছিলেন ২০১৩ সালের ফিফা বর্ষসেরা মহিলা ফুটবলার নাদিন অ্যাঙ্গারার ও স্লোভেনিয়ার স্কিয়ার টিনা মেজ।দলগত বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছে জার্মানির ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ। গত মৌসুমে দেশটির প্রথম দল হিসেবে ‘ট্রেবল’ জয়ের কৃতিত্ব গড়ে তারা। তাছাড়া গতবছর মোট পাঁচটি শিরোপা জিতেছিল বায়ার্ন।আর সেরা প্রত্যাবর্তনের পুরস্কার পান স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল। চোটের কারণে দীর্ঘ প্রায় সাত মাস কোর্টের বাইরে থাকার পর ফিরে এসেই দুটি গ্র্যান্ড স্লামসহ অনেকগুলো একক শিরোপা জয় করেন তিনি।‘স্পিরিট অব স্পোর্টস’ পুরস্কার পেয়েছে আফগানিস্তান ক্রিকেট দল।