গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে বিজেএমসি
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বাধীনতা কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে টিম বিজেএমসি। বুধবার ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তারা ৩-২ গোলে হারায় ফেনী সকার ক্লাবকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই জয়ের সুবাদে ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে বিজেএমসি গ্রুপ সেরা হয়। এদিকে প্রথম ম্যাচ জিতেই কোয়ার্টার-ফাইনালে ওঠে সকার ক্লাব। তাই এই ম্যাচে হারলেও গ্রুপ রানার্স আপ হয়েছে তারা।
এদিন হারলেও ফেনীর ক্লাবটি কিন্তু প্রথমেই দুই গোলে এগিয়ে গিয়েছিল। ২৪ মিনিটে গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোর ক্রসে বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার আলী হাসান।
ঠিক ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণও করে ফেলে ফেনী। আলী হোসেনের কর্নারে হেড করে বল জালে জড়ান স্ট্রাইকার আকবর হাসান রিদন।
দুই গোলে এগিয়ে গিয়ে কিছুটা রক্ষণাত্মক ভূমিকায় চলে যায় সকার ক্লাব। আর সেই সুযোগে তাদের উপর চেপে বসে বিজেএমসি। একর পর এক আক্রমণে নাজেহাল করে তোলে ফেনীর রক্ষণভাগকে। সাফল্য পেতেও তাই খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাদের।
৩৩ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরা।ফেনীর ডিফেন্ডার আকরামুজ্জামান লিটন বক্সের মধ্যে বানগুরাকে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।
সমতায় ফিরতে অবশ্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে বিজেএমসিকে। ৬৩ মিনিটে বক্সের বাইরে থেকে মিডফিল্ডার আব্দুল্লাহ পারভেজের ফ্রি কিকে হেড করে সমতাসূচক গোলটি করেন বানগুরা।
১৩ মিনিট পর বক্সের ঠিক বাইরে থেকে চমৎকার শটে গোল করে বিজেএমসিকে জয়ের উল্লাসে মাতিয়ে তোলেন আব্দুল্লাহ পারভেজ।
