ম্যানচেস্টার ডার্বিতে আবারো ইউনাইটেডের হার
ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিশোধের স্বপ্ন পূরণ হয়নি। উল্টো প্রতিবেশী ম্যানচেস্টার সিটির কাছে ঘরের মাঠে ৩-০ গোলে হেরে গেছে তারা।
গত সেপ্টেম্বরে সিটির মাঠে ৪-১ গোলে হেরেছিল ডেভিড ময়েসের ইউনাইটেড। আর ইতিহাদ স্টেডিয়ামের দলটির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ওল্ড ট্র্যাফোর্ড যাত্রাটাকে জয় দিয়েই উদযাপন করলেন ম্যান সিটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনি।মঙ্গলবার রাতে ম্যাচ শুরুর এক মিনিটের মধ্যেই ‘রেড ডেভিলস’ সমর্থকদের স্তব্ধ করে দেন ম্যানচেস্টার সিটির এদিন জেকো। সংঘবদ্ধ আক্রমণ থেকে গোল করেন বসনিয়ার এই স্ট্রাইকার। দ্রুতগতিতে বক্সে ঢুকে দুর্দান্ত একটি শট নিয়েছিলেন সামির নাসরি কিন্তু বলটি গোলপোস্টে লেগে ফিরে আসে জেকোর পায়ে। জালে টোকে মেরে ঢোকাতে ভুল করেননি তিনি।কিছুক্ষণ বাদে ব্যবধান বাড়ানোর দারুণ একটি সুযোগ পেয়েছিলেন ফরোয়ার্ড দাভিদ সিলভা। কিন্তু তা কাজে লাগাতে পারেননি স্পেনের এই খেলোয়াড়।১৭ মিনিটে আরেকটি সুযোগ পায় ম্যান সিটি। কিন্তু মিডফিল্ডার ইয়াইয়া তোরের পাস থেকে জেকোর নেয়া দুর্দান্ত শটটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক।প্রথম ২০ মিনিটে একরকম কোণঠাসা হয়ে পড়া ম্যান ইউ এরপর একটু একটু করে নিজেদের ফিরে পেতে থাকে। তবে বল দখলে প্রথমার্ধের অনেকটা সময়ই পিছিয়ে ছিল তারা।তারই মাঝে ২২ মিনিটে বল নিয়ে সিটির বিপদজনক সীমানায় ঢুকে পড়েন ওয়েইন রুনি। কিন্তু হুয়ান মাতা বরাবর তার বাড়ানো বলটি বিপদমুক্ত করেন সিটি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি।৪০ মিনিটে কয়েক সেকেন্ডের ব্যবধানে দু’বার সুযোগ পায় ম্যান ইউ। কিন্তু বিপজ্জনক জায়গায় বল পেয়েও শট নিতে ব্যর্থ হন রুনি আর গোলপোস্টের উপর দিয়ে বল উড়িয়ে মারেন মাতা।
দ্বিতীয়ার্ধটাও আক্রমণাত্মক রুপে শুরু করে সিটি। একাদশ মিনিটের মাথায় গোলও পেয়ে যায় তারা। নাসরির ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন জেকো।
আর নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াইয়া তোরে।
এই জয়ের ফলে ২৯ ম্যাচ থেকে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যান সিটি। ৩১ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে চেলসি সবার উপরে থাকলেও সিটির চেয়ে দুটি ম্যাচ বেশি খেলেছে জোসে মরিনিয়োর দর্
৩১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা সপ্ন প্রায় শেষ। এই হারে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের লড়াইয়েও পিছিয়ে পড়লো তারা। প্রিমিয়ার লিগের শীর্ষ নয়টি দলের বিপক্ষে এখন পর্যন্ত ১৩টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে ডেভিড ময়েসের দল।
মঙ্গলবার রাতে অপর ম্যচে সোয়ানসি সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল।
প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে পর পর দুই মিনিটে লুকাস পোডলস্কি আর অলিভিয়ে জিরুদের গোলে জয়ের পথেই ছিল আর্সেনাল। কিন্তু ৯০তম মিনিটে ম্যাথু ফ্লামিনির আত্মঘাতী গোলে জয়েরর বদলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেন ভেঙ্গারের দল। আর ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে আছে লিভারপুল।
