২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা, শেখ জামালও শেষ আটে

স্বাধীনতা কাপের ‘গ’ গ্রুপ থেকে কোয়ার্টার-ফাইনালে উঠেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 09:55 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবার হ্যাটট্রিকে উত্তর বারিধারাকে ৬-১ গোলে বিধ্বস্ত করে শেষ আটে ওঠে মুক্তিযোদ্ধা। আর দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বারিধারা বিদায় নেয়ায় কোয়ার্টার-ফাইনালে মুক্তিযোদ্ধার সঙ্গী হয়েছে শেখ জামাল।

গত রোববার শেখ জামাল ৪-০ গোলে উত্তর বারিধারাকে হারিয়েছিল।

বড় ব্যবধানে হারলেও ম্যাচের শুরুতে কিন্তু এগিয়ে গিয়েছিল বারিধারা। অষ্টম মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার লাকি ডিভাইন চমৎকার শটে দলকে এগিয়ে দেন।

অবশ্য ৫ মিনিট পরই গোলটি পরিশোধ করে দেয় মুক্তিযোদ্ধা। কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সানডে।

দুই মিনিট পর সানডের স্বদেশী এলিটা কিংসলে বক্সে ঢুকে চমৎকার আড়াআড়ি শটে ব্যবধান দ্বিগুণ করেন।

১৮ মিনিটে মুক্তিযোদ্ধার পক্ষে তৃতীয় গোল করেন আরেক নাইজেরীয় ফরোয়ার্ড এনকোচা কিংসলে। এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন তিনি।

এরপর ৬০ ও ৬২ মিনিটে পরপর দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ন করেন সানডে। গত দুই মৌসুম মোহামেডান ও শেখ জামালে খেলা এই স্ট্রাইকার মুক্তিযোদ্ধার পক্ষে এবার প্রথম খেলতে নেমেই হ্যাটট্রিক করেন।

৬৮ মিনিটে বারিধারার কফিনে শেষ পেরেক ঠোকেন এনকোচা কিংসলে। এনামুল হোসেনের ক্রস থেকে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন তিনি।