২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর সঙ্গে শেষ আটে মোহামেডান

দুর্বল আরামবাগ ক্রীড়া সংঘকে হারাতে মোটেও বেগ পেতে হয়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের। ৪-১ গোলের জয়ে স্বাধীনতা কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে সাদা-কালোরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 09:48 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

গ্রুপের প্রথম ম্যাচ জিতেই শেষ আটে উঠলো মোহামেডান। আর তাদের এই জয়ের ফলে ‘খ’ গ্রুপ থেকে আবাহনী লিমিটেডেরও এক জয়েই শেষ আটে খেলা নিশ্চিত হয়েছে। কারণ গ্রুপের অন্য দল আরামবাগ দুই ম্যাচের দুটিতেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

তবে মঙ্গলবার ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল মোহামেডান। পাঁচ মিনিটে আরামবাগ স্ট্রাইকার রোকনুজ্জামান কাঞ্চনের একটি নিচু ক্রস মোহামেডান ডিফেন্ডার মিন্টু শেখ বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন।

১-০ গোলের ব্যবধান অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আরামবাগ। দুই মিনিটের ব্যবধানে মোহামেডানকে ম্যাচে ফেরান নাইজেরীয় মিডফিল্ডার ড্যামিয়েন চিগোজি। ফরোয়ার্ড জাহিদ হোসেনের কর্নার থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন চিগোজি।

৪১ মিনিটে ফরোয়ার্ড জাহিদ হোসেনের ক্রস থেকে ব্যবধান দ্বিগুন করেন মোহামেডানের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। আর ৫৭ মিনিটে মোহামেডানের পক্ষে তৃতীয় গোলটি করেন ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। ডিফেন্ডার অরুপ বৈদ্যের ক্রস থেকে গোলটি করেন তিনি।

দুই মিনিট পরই ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-১ করেন এমিলি। জাহিদের ক্রস থেকে কোণাকুনি শটে গোলটি করেন এমিলি।

বাকি সময়ে হ্যাটট্রিক পূরণের কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি এমিলি।