২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা কাপের শেষ আটে ফেনী সকার ক্লাব

স্বাধীনতা কাপে প্রতিদ্বদ্বিতাপূর্ন ম্যাচে রহমতগঞ্জ এমএফএসকে ৩-২ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাব। আর এই জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে খেলা নিশ্চিত করেছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 09:54 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় ফেনীর দলটি। ফরোয়ার্ড রনি ইসলামের ক্রসে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেয়া গোলটি করেন জাম্বিয়ার মিডফিল্ডার ল্যান্ডিং ডারবো।

৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুন করা গোলটিও করেছেন ডারবো। বক্সের ভেতরে জটলার মধ্যে বল পেয়ে অসাধারণ এক প্লেসিং শটে বল রহমতগঞ্জের জালে জড়ান তিনি।

৬ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান রহমতগঞ্জের ফরোয়ার্ড নুরুল আফসার। ৭২ মিনিটে মিডফিল্ডার জাহাঙ্গীর আলমের ডান পায়ের বাঁকানো শটের গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ।

ফেনী সকার ক্লাবকে শেষ আটে তোলা গোলটি ম্যাচের শেষ মিনিটে করেন বদলি খেলোয়াড় আব্দুল্লাহ আল মামুন।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচ জিতেই কোয়ার্টার-ফাইনালে ওঠল ফেনী সকার। গ্রুপের অন্য দুটি দল বিজেএমসি ও রহমতগঞ্জের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। আর রহমতগঞ্জ দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে। এ কারণেই প্রথম ম্যাচ জিতেই নিশ্চিত হয় ফেনীর দলটির শেষ আটে খেলা।