২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির একটি রেকর্ড, আরেকটির হাতছানি

এল ক্লাসিকোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়লেন মেসি। সামনে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়ারও হাতছানি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 05:15 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

মেসির হ্যাটট্রিকে মহারণে বার্সার জয়

রেকর্ড বইয়ের অনেক পাতাই নতুন করে লিখিয়েছেন লিওনেল মেসি। এবার ‘এল ক্লাসিকো’তে সর্বোচ্চ গোলের রেকর্ডও নতুন করে লেখালেন আর্জেন্টানার এই ফরোয়ার্ড। লা লিগার সর্বোচ্চ গোলের রেকর্ডও অদূর ভবিষ্যতে তার অধিকারে যাওয়ার অপেক্ষায় আছে।

রোববার সর্বশেষ এল ক্লাসিকোতে দারুণ এক হ্যাটট্রিক করে বার্সেলোনাকে জিতিয়েছেন মেসি। প্রথম গোলটি করেই ‘এল ক্লাসিকো’র রেকর্ড বইয়ের একটি পাতা থেকে মুছে দেন স্বদেশি কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানোকে।

এর আগে ১৮ গোল নিয়ে এল ক্লাসিকোর গোলদাতার তালিকায় রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার স্তেফানোর সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি।

মেসির এমন নৈপুণ্যের পর আনন্দে আত্মহারা বার্সেলোনার কোচ জেরার্দো মার্তিনো। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মেসির প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, “আজ ও আরেকটি রেকর্ড ভাঙল। লিওকে নিয়ে আমার আসলে বলার কিছু নেই। একের পর এক প্রশংসাই করা যায়!”

মেসির জন্য প্রশংসা ভবিষ্যতে কিছু তুলে রাখতেই হচ্ছে। শিগগিরই যে স্প্যানিশ লিগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নেবেন আর্জেন্টিনার এই জাদুকর।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে মেক্সিকোর সাবেক স্ট্রাইকার হুগো সানচেসকে পেছনে ফেলে স্প্যানিশ লিগে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেসি। সানচেস লা লিগায় ২৩৪ গোল করেছিলেন। মেসির গোল এখন ২৩৬।

২৫২ গোল নিয়ে এই তালিকার সবার ওপরে আছেন তেলমো সাররা। স্প্যানিশ এই স্টাইকারকে ছাড়িয়ে যেতে লা লিগায় আর ১৭টি গোলই করতে হবে মেসিকে।